যুগের সমাপ্তি – টেনিস দুনিয়াতে এখন এই কথাই সবচেয়ে বেশি মনে পড়ছে। দুই দশক ধরে এই দুনিয়ায় তিনজন কিংবদন্তি রাজত্ব করেছেন। রজার ফেদেরারকে দিয়েই এই যাত্রা শুরু হয়েছিল, এরপর রাফায়েল নাদাল এবং নোভাক জোকোভিচও এই খেলায় নিজেদের অমর করেছেন। তারা নিজেদের সামর্থ্য দেখিয়ে টেনিসে প্রতিষ্ঠিত করেছেন তিনজনেরই অমরত্ব। এই তিন কিংবদন্তি মিলে জিতে ফেলেছেন মোট ৬৬টি গ্র্যান্ড স্ল্যাম ট্রফি, যা কিনা অবিশ্বাস্য!
তবে সব ভালো জিনিসেরই এক সময় শেষ হয়। সেই নিয়ম মেনেই এখন একের পর এক বিদায় নিচ্ছেন টেনিসের এসব মহারথী। ২০২২ সালেই প্রথমে অবসর নেন ফেদেরার, তারপরে কিছুদিন আগেই নাদালও ঘোষণা করেছেন তিনি পেশাদার টেনিসকে বিদায় দেবেন।
আগামী মাসে ডেভিস কাপ খেলেই পেশাদার টেনিসকে বিদায় দেবেন নাদাল। ফেদেরার এবং নাদালের অবসরের পর টেনিস কোর্টে একাই থাকবেন জোকোভিচ। তবে তারও বয়স বলে দিচ্ছে, তার ক্যারিয়ারও এখন গোধূলি লগ্নে।
ফেদেরার এবং নাদালের মত সহযোদ্ধাদের হারিয়ে এখন জোকোভিচও হয়তো ভাবছেন তার ক্যারিয়ারকে আরও কিছুদিন বাড়িয়ে নেবেন কি না। তবে শারীরিক এবং মানসিকভাবে জোকোভিচ যে অন্যদের থেকে অনেক শক্তিশালী, সেটা সম্প্রতি স্প্যানিশ সংবাদ মাধ্যম এএসকে দেওয়া এক সাক্ষাৎকারে বলেছেন নাদাল। সেই একই সাক্ষাৎকারে ফেদেরার এবং জোকোভিচের সঙ্গে প্রতিদ্বন্দ্বিতা নিয়েও কথা বলেছেন নাদাল। জোকোভিচের মুখোমুখি হওয়াটা অনেক চ্যালেঞ্জিং হলেও সবচেয়ে বড় প্রতিদ্বন্দ্বী হিসেবে নাদাল বেছে নিয়েছেন ফেদেরারকে।
ফেদেরার এবং নাদাল তাদের টেনিস ক্যারিয়ারে একে অপরের বিরুদ্ধে ৪০টি ম্যাচ খেলেছেন। এর মধ্যে নাদাল ২৪টি ম্যাচ আর ফেদেরার ১৬টি ম্যাচ জিতেছেন। আবার জোকোভিচের বিরুদ্ধে নাদাল ৬০টি ম্যাচ খেলেছেন। এই ম্যাচগুলোতে নাদাল জিতেছেন ২৯টি আর হেরেছেন ৩১টি। তবে হার-জিতের বাইরে গিয়ে নাদাল নিজের প্রতিদ্বন্দ্বী হিসেবে বেছে নিয়েছেন ফেদেরারকে।
নাদাল এবং জোকোভিচ: টেনিসের সবচেয়ে বড় প্রতিদ্বন্দ্বিতা শুরু হয়েছিল কীভাবে
কিন্তু কেন? নাদাল নিজেই সেই প্রশ্নের উত্তর দিয়েছেন, ‘আমি যে কারও বিরুদ্ধে জোকোভিচের বিরুদ্ধে বেশি ম্যাচ খেলেছি। কিন্তু আমার কাছে সবচেয়ে বড় প্রতিদ্বন্দ্বী ফেদেরার। আমি খেলতে এসেছিলাম, যখন ফেদেরার ইতিমধ্যে এখানে ছিলেন এবং তিনিই ছিলেন নম্বর ওয়ান। আমার ক্যারিয়ারের গুরুত্বপূর্ণ বছরগুলোতে রজার (ফেদেরার) এবং নোভাক (জোকোভিচ)ই ছিলেন আমার প্রতিদ্বন্দ্বী। কিন্তু আমার ক্যারিয়ারের শুরুতে আমার সবচেয়ে গুরুত্বপূর্ণ প্রতিদ্বন্দ্বী ছিলেন রজার।’
নাদালের বিশ্বাস, ফেদেরারের সঙ্গে তার প্রতিদ্বন্দ্বিতা টেনিসপ্রেমীরাও বেশি পছন্দ করেন, ‘আমার মনে হয় এবং জানি না কেন তাদের দুজনের সঙ্গে আমার দ্বন্দ্ব অনেক বেশি প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ ছিল তাদের নিজেদের মধ্যকার দ্বন্দ্বের চেয়ে। আমি নিশ্চিত না কেন, কিন্তু আমার মনে হয়, পুরো দুনিয়াই বিষয়টাকে এইভাবেই দেখতে চায়। হয়তো খেলার ধরন এবং স্টাইলের কিছুটা বৈপরীত্যতার কারণে তারা রজার এবং আমার লড়াইটাকে বেশি পছন্দ করেন।’
প্রতিদ্বন্দ্বিতায় ফেদেরারকে এগিয়ে রেখেও জোকোভিচ কেন সেরা, তা ব্যাখ্যা করে নাদাল বলেছেন, ‘নোভাকের সঙ্গে চ্যালেঞ্জটা অবিশ্বাস্য। সে এমন এক খেলোয়াড়, যে সবসময়ই (খেলার) মানটা অনেক উঁচুতে রাখে এবং প্রতি বছর নিজেকে উন্নত করেছে। সংখ্যা বলছে যে সেই সেরা, এর মানে তার টেনিসও সেরা। তাছাড়াও, সে সবচেয়ে কম চোটপ্রবণ, যা তাকে অন্যদের চেয়ে বেশি সময় ধরে তার শারীরিক, মানসিক এবং টেনিসের মাত্রাটাকে সেরা রাখতে সাহায্য করেছে। এ কারণেই সে সেরা আর এই কারণেই সে এই জায়গায় পৌঁছেছে।’