বিয়ন্সে রেকর্ড তৈরি করলেন, সুইফট এগিয়ে, সাবরিনাও আছেন
সবচেয়ে বেশি ৩২টি গ্র্যামি জেতার রেকর্ড ছিল তার দখলে, এবার সবচেয়ে বেশি মনোনয়নের রেকর্ডও ভেঙেছেন তিনি। গত শুক্রবার রাতে ঘোষণা করা হয়েছে ৬৭তম গ্র্যামি অ্যাওয়ার্ডের মনোনয়ন, এতে সর্বোচ্চ ১১টি মনোনয়ন পেয়েছেন বিয়ন্সে। সব মিলিয়ে তার মনোনয়ন সংখ্যা এখন ৯৯, স্বামী জে-জেড-এর ৮৮ মনোনয়নকেও এবার ছাড়িয়ে গেলেন ৪৩ বছর বয়সী গায়িকা।
২৯শে মার্চ মুক্তি পায় ‘কাউবয় কার্টার’, কাউবয়দের গল্প নিয়ে। এটি বিয়ন্সের অষ্টম স্টুডিও অ্যালবাম। এই অ্যালবামে গানে গানে মূলত কৃষ্ণাঙ্গ কাউবয়দের সংস্কৃতি তুলে ধরেছেন বিয়ন্সে। যুক্তরাষ্ট্রের টেক্সাসে লোকসংগীত, রক অ্যান্ড রোল, জ্যাজ, পপসহ বিভিন্ন ধরনের গান শুনে বড় হয়েছেন বিয়ন্সে। অ্যালবামটিতে শৈশব আর কৈশোরে শোনা সেই সব গানের মূল ভাব ছড়িয়ে দিয়েছেন এই প্রজন্মের শ্রোতাদের কাছে।
সমালোচকদের কাছে ভূয়সী প্রশংসার সঙ্গে ব্যাপক ব্যবসায়িক সাফল্যও পায় ‘কাউবয় কার্টার’। এই অ্যালবামের জন্যই গ্র্যামিতে ১১টি মনোনয়ন বাগিয়েছেন বিয়ন্সে, নারী শিল্পী হিসেবে যা এক বছরে সর্বোচ্চ মনোনয়নের রেকর্ড।
এবার অ্যালবাম অব দ্য ইয়ার, রেকর্ড অব দ্য ইয়ার, সং অব দ্য ইয়ারসহ গুরুত্বপূর্ণ বিভাগে মনোনয়ন পেয়েছেন বিয়ন্সে। তবে নিশ্চিতভাবেই অ্যালবাম অব দ্য ইয়ার পুরস্কারটার দিকেই তার চোখ থাকবে। কারণ, রেকর্ড 32 গ্র্যামি জিতলেও এই পুরস্কার তার অধরাই থেকে গেছে, যা নিয়ে গত গ্র্যামির আসরে ভোটারদের রীতিমতো কটাক্ষ করেছেন বিয়ন্সের স্বামী জে-জেড। গ্র্যামিতে কৃষ্ণাঙ্গ শিল্পীদের উপেক্ষা করা হয়, এমন অভিযোগ অনেক পুরোনো। বিশ্লেষকেরা মনে করছেন, বিয়ন্সের এবারের রেকর্ড মনোনয়নে হয়তো সে বিতর্ক কিছু কমবে।
সুইফট, সাবরিনাও আছেন
চলতি বছর রেকর্ড চতুর্থবারের মতো অ্যালবাম অব দ্য ইয়ার পুরস্কার পেয়েছেন টেলর সুইফট। ‘দ্য টর্চার্ড পোয়েটস ডিপার্টমেন্ট’-এর জন্য এবারও পেয়েছেন মনোনয়ন। আরও আছেন চলতি বছরের আলোচিত দুই তরুণ গায়িকা সাবরিনা কার্পেন্টার ও চ্যাপেল রোয়ানও। ‘শর্ট অ্যান্ড সুইট’ দিয়ে টপচার্ট আর স্পটিফাইতে ঝড় তুলেছিলেন সাবরিনা, মনে করা হচ্ছে গ্র্যামির আসরেও বেশ কয়েকটি পুরস্কার বাগিয়ে নেবে এই অ্যালবাম।
এবারের গ্র্যামিতে দ্বিতীয় সর্বোচ্চ সাতটি করে মনোনয়ন পেয়েছেন বিলি আইলিশ, চার্লি এক্সসিএক্স, কেন্ড্রিক লামার ও পোস্ট ম্যালোন। এ ছাড়া ছয়টি করে পেয়েছেন চ্যাপেল রোয়ান, সাবরিনা কার্পেন্টার ও টেলর সুইফট। সাম্প্রতিক সময়ে কানাডীয় র্যাপার ড্রেকের সঙ্গে কাজিয়ায় জড়িয়ে আলোচনায় ছিলেন কেন্ড্রিক লামার। তবে গ্র্যামিতে সাতটি মনোনয়ন বাগিয়ে তিনি মনে করিয়ে দিয়েছেন, তাকে নিয়ে যত বিতর্কই হোক, গানটা তিনি ভালোই গান।
যত চমক
এবারের গ্র্যামি মনোনয়নের অন্যতম বড় চমক বিটলসের ফেরা! গত বছরই এআই প্রযুক্তির সাহায্যে মুক্তি পায় আলোচিত ব্রিটিশ ব্যান্ডটির নতুন গান ‘নাউ অ্যান্ড দেন’। রেকর্ড অব দ্য ইয়ার বিভাগে মনোনয়ন পেয়েছে এই গান। আগে এককভাবে মনোনয়ন পাননি চার্লি এক্সসিএক্স। অথচ এবার পেয়েছেন সাতটি বিভাগে! বিয়ন্সে, সুইফট বা সাবরিনাকে নিয়ে অনেক আলোচনা হলেও অনেকে মনে করছেন গ্র্যামিতে বাজিমাত করতে পারেন চার্লি। চলতি বছর ‘ব্র্যাট’ অ্যালবাম দিয়ে আলোচনায় ছিলেন ৩২ বছর বয়সী এই ব্রিটিশ গায়িকা।
আশ্চর্যভাবে এবার কোনো কে-পপ শিল্পীই মনোনয়ন পাননি। তবে তারা হয়তো সান্ত্বনা খুঁজতে পারেন ডুয়া লিপা বা মেগান দ্য স্ট্যালিয়নের কাছ থেকে। আলোচিত দুই শিল্পীও মনোনয়ন পাননি। অন্যদিকে ‘ইটারনাল সানশাইন’ আলোচিত হলেও অ্যালবাম অব দ্য ইয়ার বিভাগে মনোনয়ন পাননি আরিয়ানা গ্রান্ডে।
বিয়ন্সের স্বামীকে ছাড়িয়ে তার নতুন রেকর্ড
2023 সালের 16 থেকে 2024 সালের 30 আগস্টের মধ্যে মুক্তি পাওয়া গান ও অ্যালবামগুলো 67তম গ্র্যামি মনোনয়নের জন্য বিবেচিত হয়েছে। মূল অনুষ্ঠান হবে 2025 সালের 2 ফেব্রুয়ারি, যুক্তরাষ্ট্রের লস অ্যাঞ্জেলেসের ক্রিপ্টোডটকম এরিনায়।
সূত্র: এএফপি, বিবিসি