যুক্তরাজ্যভিত্তিক শিক্ষা সাময়িকী টাইমস হায়ার এডুকেশন (টিএইচই) বিশ্বের বিভিন্ন দেশের বিশ্ববিদ্যালয়ের র্যাঙ্কিং প্রকাশ করে। এ বছরও এই সংস্থার তালিকা হালনাগাদ করা হয়েছে। আজ বুধবার (১ অক্টোবর) প্রকাশিত ‘ওয়ার্ল্ড ইউনিভার্সিটি র্যাঙ্কিং ২০২৫’-এ বাংলাদেশের কয়েকটি বিশ্ববিদ্যালয়ের নাম রয়েছে। তবে এবার বাংলাদেশের কয়েকটি সরকারি এবং বেসরকারি বিশ্ববিদ্যালয় গত বছরের তুলনায় পেছনের দিকে অবস্থান করছে।
২০২৪ সালের তালিকায় বাংলাদেশের উচ্চশিক্ষা প্রতিষ্ঠানগুলোর মধ্যে শীর্ষে ছিল বেসরকারি ব্র্যাক ইউনিভার্সিটি। গত বারের তালিকায় এই বিশ্ববিদ্যালয় প্রথম স্থানে থাকলেও এবার ৮ম স্থানে রয়েছে। বৈশ্বিকভাবে ১০০১-১২০০তম অবস্থানে রয়েছে দেশের এই বেসরকারি বিশ্ববিদ্যালয়টি।
অন্যদিকে র্যাঙ্কিংয়ে অনেক পেছনে ঢাকা বিশ্ববিদ্যালয়ের অবস্থান। আগের র্যাঙ্কিংগুলোতে ঢাকা বিশ্ববিদ্যালয় প্রথম বা দ্বিতীয় অবস্থান করলেও এবার শীর্ষ ১০-এও নেই। বাংলাদেশের বিশ্ববিদ্যালয়গুলোর মধ্যে ১১তম এবং বৈশ্বিকভাবে ১০০১-১২০০তম অবস্থানে রয়েছে ঢাকা বিশ্ববিদ্যালয়।
গত বছরের টাইমস হায়ার এডুকেশন র্যাঙ্কিংয়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ের অবস্থান ছিল বাংলাদেশি বিশ্ববিদ্যালয়গুলোর মধ্যে দ্বিতীয়।
২০২৫ সালের বিশ্বের সেরা বিশ্ববিদ্যালয়ের র্যাঙ্কিংয়ে প্রথম ৮০০-এর তালিকায় দেশের কোনো বিশ্ববিদ্যালয় নেই। তালিকায় দেশের ২৪টি বিশ্ববিদ্যালয় স্থান পেয়েছে। তালিকায় জায়গা পাওয়া বিশ্ববিদ্যালয়গুলোর মধ্যে ১৭টি সরাসরি র্যাঙ্কিংয়ে জায়গা পেয়েছে। বাকি সাতটি রিপোর্টার হিসেবে তালিকায় জায়গা পেয়েছে।
র্যাঙ্কিংয়ে বিশ্বের ৮০১ থেকে ১০০০-এর মধ্যে রয়েছে দেশের ৫টি বিশ্ববিদ্যালয়। এবারের তালিকায় দেশসেরা হিসেবে জায়গা করে নিয়েছে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান কৃষি বিশ্ববিদ্যালয়। বাংলাদেশি বিশ্ববিদ্যালয়গুলোর মধ্যে প্রথম স্থানে রয়েছে এই বিশ্ববিদ্যালয়টি। এরপর ৮০১ থেকে ১০০০-এর মধ্যে রয়েছে ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়, যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় এবং নর্থ সাউথ ইউনিভার্সিটি।
তালিকার ১০০১-১২০০-এর মধ্যে থাকা বাংলাদেশের বিশ্ববিদ্যালয়গুলো হলো বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়, বুয়েট, ব্র্যাক বিশ্ববিদ্যালয়, চুয়েট, কুয়েট, ঢাকা বিশ্ববিদ্যালয়, রাজশাহী বিশ্ববিদ্যালয়। ১২০১-১৫০০-এর তালিকায় রয়েছে আমেরিকান ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি বাংলাদেশ, খুলনা বিশ্ববিদ্যালয়, রুয়েট, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় ও জগন্নাথ বিশ্ববিদ্যালয়।
রিপোর্টার হিসেবে থাকা কয়েকটি বিশ্ববিদ্যালয় হলো ঢাকা ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি, ইস্ট ওয়েস্ট ইউনিভার্সিটি, ইনডিপেনডেন্ট ইউনিভার্সিটি বাংলাদেশ, ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি অব বিজনেস অ্যাগ্রিকালচার অ্যান্ড টেকনোলজি, ইউনাইটেড ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি, ইউনিভার্সিটি অব লিবারেল আর্টস এবং বরেন্দ্র বিশ্ববিদ্যালয়।
মানসম্মত বিভিন্ন পারফরম্যান্স সূচক ব্যবহার করে শিক্ষার মান, শিক্ষায় গবেষণার পরিবেশ, গবেষণায় শ্রেষ্ঠত্বের অবস্থান, ইন্ডাস্ট্রিতে সংযুক্তি এবং আন্তর্জাতিক সম্ভাবনার মতো গুরুত্বপূর্ণ ক্ষেত্রে টাইমস হায়ার এডুকেশন ওয়ার্ল্ড ইউনিভার্সিটি র্যাঙ্কিং করে। বিশ্বের অন্যতম র্যাঙ্কিংয়ে ২০২৫ সালের সংস্করণে ১১৫টি দেশ ও অঞ্চলের ২০০০টির বেশি বিশ্ববিদ্যালয়কে মূল্যায়ন করেই তালিকা করা হয়েছে।