৫২ মফস্বল ডেস্ক।।
রাজধানীর উত্তর বাসাবোয় বাসার ভেতর থেকে আজ শনিবার ভাইবোন খুনের ঘটনায় মা তানজিন রহমানকে গ্রেপ্তার করা হয়েছে। ওই এলাকার আরেকটি বাড়ি থেকে মাকে আটক করা হয়। তবে এটা কার বাড়ি, তা জানা যায়নি।
গতকাল শুক্রবার রাত সোয়া ১০টার দিকে বউবাজার এলাকার একটি বাড়ির চিলেকোঠা থেকে ভাইবোনের লাশ উদ্ধার করে পুলিশ। ওই ঘরের দুটি কক্ষ থেকে দুই শিশুর গলাকাটা লাশ উদ্ধার করা হয়। ঘটনার পর থেকে তাদের মায়ের খোঁজ পাওয়া যায়নি।
তারা হলো মাশরাফি বিন মাহবুব আবরার (৭) ও হুমায়রা বিনতে মাহবুব তাকিয়া (৬)। তাদের বাবা মাহবুবুর রহমান ঢাকা ওয়াসার কর্মকর্তা। মাহবুবুর রহমানের বাড়ি কুমিল্লার মুরাদনগর উপজেলায়। শিশু দুটি স্থানীয় একটি মাদ্রাসায় পড়ত বলে স্বজনেরা জানিয়েছেন। মা তানজিন রহমান গৃহিণী। তাঁর বাবার বাড়ি খিলগাঁওয়ের বাগিচা এলাকায়।
ওই বাসায় একটি চাপাতি পাওয়া গেছে বলে গতকাল পুলিশ জানায়। তবে ওই চাপাতি দিয়েই হত্যা করা হয়েছে কি না, এ ব্যাপারে পুলিশ নিশ্চিত নয়।মা তানজিন রহমান মানসিক ভারসাম্যহীন বলে জানিয়েছেন মাহবুবুরের বড় বোন লায়লা নূর।
গত ২৯ ফেব্রুয়ারি রাজধানীর বনশ্রী এলাকায় হত্যার শিকার হয় ভিকারুননিসা নূন স্কুল অ্যান্ড কলেজের ইস্কাটন শাখার সপ্তম শ্রেণির ছাত্রী ইশরাত জাহান অরণী (১৪) এবং তার ছোট ভাই হলি (ইন্টারন্যাশনাল) ক্রিসেন্ট স্কুলের নার্সারির ছাত্র আলভী আমান (৬)।