ময়মনসিংহ শিক্ষা বোর্ডের বাইরে অকৃতকার্য শিক্ষার্থীরা প্রায় সাড়ে আট ঘণ্টা ধরে বিক্ষোভ করেছে। তাদের দাবি, ১৫ অক্টোবর প্রকাশিত এইচএসসি পরীক্ষার ত্রুটিপূর্ণ ফলাফল বাতিল করতে হবে। তাদের দাবি, সব বিষয়ে সাবজেক্ট ম্যাপিং করে সবাইকে উত্তীর্ণ করা হোক।
আজ রবিবার দুপুর ১২টার দিকে শিক্ষার্থীরা বোর্ডের সামনে সড়কে অবস্থান নিয়ে তাদের বিক্ষোভ শুরু করে। রাত সাড়ে আটটার সময়ও তাদের বিক্ষোভ চলছিল। এতে বোর্ডের চেয়ারম্যানসহ কর্মকর্তারা কার্যালয়ে অবরুদ্ধ হয়ে পড়েন।
ময়মনসিংহ কোতোয়ালি মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সফিকুল ইসলাম বলেছেন, “শিক্ষার্থীরা আজকের মধ্যে সিদ্ধান্ত চায়। তারা বোর্ডের সামনে অবস্থান করছে। আমরাও সেখানে আছি।”
বোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক মো. শামছুল ইসলাম জানিয়েছে, শিক্ষার্থীদের আন্দোলনের কারণে কার্যালয়ে আটকে পড়েছেন ৮ থেকে ১০ জন কর্মকর্তা। তিনি বলেন, বোর্ডের চেয়ারম্যান দাবি মেনে নেওয়ার বিষয়টি জেলা প্রশাসন, বিভাগীয় প্রশাসক, আন্তঃবোর্ড এবং শিক্ষা মন্ত্রণালয়কে জানিয়েছেন। সেখান থেকে কোনো সিদ্ধান্ত এলে শিক্ষার্থীদের জানানো হবে।
বিক্ষোভের মুখে বেলা তিনটার দিকে বোর্ড চেয়ারম্যান মো. আবু তাহেরের কাছে চার দফা দাবি জানিয়ে লিখিত আবেদন করেন শিক্ষার্থীরা। এরপর তারা চলে যাওয়ার কথা ছিল, কিন্তু একটি পক্ষ আজকের মধ্যে সিদ্ধান্ত না পাওয়া পর্যন্ত বিক্ষোভ চালিয়ে যাওয়ার সিদ্ধান্ত নেয়।
এর আগে শতাধিক অকৃতকার্য শিক্ষার্থী নগরের টাউন হল মোড়ে জড়ো হয়ে শিক্ষা বোর্ডের কার্যালয়ের দিকে পদযাত্রা করে। দুপুর ১২টার দিকে বোর্ডের সামনে অবস্থান নিয়ে বিক্ষোভ শুরু করে। এ সময় শিক্ষার্থীরা ফলাফল বাতিলের দাবি জানিয়ে স্লোগান দিতে থাকে।
দুপুর সাড়ে ১২টার দিকে বিক্ষুব্ধ শিক্ষার্থীরা শিক্ষা বোর্ডের সামনের সড়কে ইট ফেলে অবরোধ করে, যার ফলে ময়মনসিংহ-টাঙ্গাইল সড়কে যান চলাচল বন্ধ হয়ে যায়। রাত আটটা পর্যন্ত সড়কটিতে যান চলাচল বন্ধ ছিল।
ময়মনসিংহ শিক্ষা বোর্ডের চেয়ারম্যান মো. আবু তাহের বলেছেন, বিক্ষোভকারী শিক্ষার্থীরা বেলা তিনটার দিকে চলে গিয়ে আবার বিকেল পাঁচটার দিকে কার্যালয়ের সামনে অবস্থান নেয়। তারা আজকের মধ্যে একটি সিদ্ধান্ত চায়। বিষয়টি ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানানো হয়েছে। সিদ্ধান্ত পাওয়া গেলে শিক্ষার্থীদের জানিয়ে দেওয়া হবে।