লিওনেল মেসি আর ক্রিস্টিয়ানো রোনালদোর মধ্যে সেরা কে? এই নিয়ে বিতর্ক আজও থামেনি। প্রতিটি ম্যাচে রেকর্ডের টালি বাড়িয়ে দু’জনেই যেন তাঁদের শ্রেষ্ঠত্বের সূর্যকে ডুবতে দিতে চান না।
মেসির বয়স এখন ৩৭ পেরিয়ে গেছে। কিন্তু মেসি প্রায় একাই সাধারণ একটি দলকে অসাধারণ দলে পরিণত করেছেন। ইন্টার মায়ামিকে নিয়ে তিনি অবিশ্বাস্য সাফল্য এনেছেন। এমএলএস এর রেগুলার মৌসুমটি ইতিহাসে সবচেয়ে বেশি পয়েন্ট নিয়ে শেষ করেছে ইন্টার মায়ামি। মেসির অবদান অনেক। মাত্র ১৯টি ম্যাচে ২০টি গোল এবং ১০টি অ্যাসিস্ট।
জাতীয় দলেও একই রকম মেসিকে দেখা গেছে। অবশ্য প্যারাগুয়ের বিপক্ষে শেষ ম্যাচটি বাদ দিলে। এর আগে বলিভিয়ার বিপক্ষে আর্জেন্টিনাকে ৬-০ জিতিয়ে হ্যাটট্রিক করেছেন মেসি। চোটে না পড়লে মেসির পরিসংখ্যান আরও দুর্দান্ত হতো।
মেসির পেছনেও নেই রোনালদো। নেশনস লিগে পোল্যান্ডের বিপক্ষে রোনালদো জোড়া গোল করেছেন। এর মধ্যে একটি গোল ছিল চমত্কার বাইসাইকেল কিক। রোনালদোর এ গোল উড়িয়ে দিয়ে গিমিক বলা যাবে না। কারণ, সাম্প্রতিক পারফরম্যান্সেই তাঁর অসাধারণ দক্ষতার পরিচয় আছে। ইউরোর পারফরম্যান্স বাদ দিলে রোনালদো অবিশ্বাস্য। এখন পর্যন্ত সৌদি প্রো লিগে ১৫টি ম্যাচ খেলে ১০টি গোল করেছেন। জাতীয় দলেও তাঁর ভূমিকা অসাধারণ। শেষ ৫টি ম্যাচে ৫টি গোল এবং একটি অ্যাসিস্ট।
এককভাবে নিজেদের পারফরম্যান্স ছাড়াও অন্য ক্ষেত্রেও একে অপরের সাথে প্রতিদ্বন্দ্বিতা করছেন মেসি এবং রোনালদো। পোল্যান্ডের বিপক্ষে ম্যাচটিতেই রোনালদো মেসিকে ছাড়িয়ে গেছেন আন্তর্জাতিক ফুটবলে সবচেয়ে বেশি গোলে সহায়তার দিক থেকে। রোনালদোর এখন ১৭১টি অ্যাসিস্ট। আগে উভয়েই ১৭০টি অ্যাসিস্ট নিয়ে সমান ছিলেন। এর আগে আন্তর্জাতিক ফুটবলে সবচেয়ে বেশি হ্যাটট্রিকের রেকর্ডটিও ছুঁয়ে ফেলেছেন মেসি। দেশের হয়ে এখন উভয়েরই ১০টি হ্যাটট্রিক। পরের ম্যাচে রোনালদো না থাকায় বেশি হ্যাটট্রিক করে মেসি রোনালদোকে ছাড়িয়ে যাওয়ার সুযোগ পাবেন।
সব মিলিয়ে মেসি এবং রোনালদোর শ্রেষ্ঠত্ব ব্যক্তিগত পছন্দের উপর নির্ভর করে। কারো কাছে মেসি সেরা, আবার কারো কাছে রোনালদো। তবে বিশ্বকাপ জেতাকে মানদণ্ড ধরলে মেসিকে সবার উপরে রাখতে চান অনেকে। কিন্তু তাতে রোনালদো ভক্তদের নিশ্চয়ই আপত্তি থাকবে। কারণ তাঁদের কাছেও পরিসংখ্যান এবং অর্জনের প্রমাণ আছে। তাই এই বিতর্কে না জড়িয়ে আসুন আমরা তাঁদের পারফরম্যান্স উপভোগ করি।