৫২ বিনোদন ডেস্ক।।
এবার সাংবাদিক হয়ে আসছেন মডেল কন্যা সাদিয়া ইসলাম মৌ। ঈদের একটি নাটকে তাকে এমন চরিত্রে দেখা যাবে। এমনিতেই ঈদের নাটকে অভিনয় নিয়ে বেশ ব্যস্ততায় সময় কাটাচ্ছেন তিনি।
এরই মধ্যে প্রায় হাফডজন নাটকে অভিনয় করেছেন। সম্প্রতি শেষ করেছেন ‘সাক্ষাতকার’ নামের একটি নাটক। এতে সাহসী একজন সাংবাদিকের ভূমিকায় দেখা যাবে তাকে। এ প্রসঙ্গে মৌ বলেন, ‘দারুণ একটি চরিত্রে কাজ করেছি। চরিত্রটি আমার খুব ভালো লেগেছে। এ চরিত্রে কাজ করতে গিয়ে সাংবাদিক পেশাটা নতুনভাবে উপলব্ধি করেছি।’ নাটকের গল্পে দেখা যাবে, মজিদ নামের একজন লোক দেশের আলোচিত জলদস্যু। রোজ পত্রিকার পাতাজুড়ে ফলাও করে তার কুকীর্তির গল্প ছাপা হয়।
দেশের হাজারও পাঠকের মতো মজিদও নিজেকে নিয়ে লেখা নিউজগুলো পড়ে দেখেন। মৌ তার দস্যুপনার কথা লিখলেও ঠিক কী কারণে মজিদ আজ জলদস্যু সেই পেছনের গল্পটা কখনও লেখা হয়নি তার। এটা জানতেই নানা উপায় প্রয়োগ করতে থাকেন তিনি। একদিন জলদস্যু নিজেই হাজির হন তার কাছে। জানায় তার জলদস্যু হওয়ার পেছনের গল্প। এতে জলদস্যুর চরিত্রে অভিনয় করেছেন আনিসুর রহমান মিলন। নাটকটি নির্মাণ করছেন নাঈম ইমতিয়াজ নেয়ামুল। নাটকটি আসছে ঈদে যে কোনো একটি চ্যানেলে প্রচার হবে। উল্লেখ্য, মিলন ও মৌয়ের দ্বিতীয় কাজ এটি। এর আগে সর্বশেষ ২০১০ সালে হুমায়ূন ফরিদীর নাটক ‘অনুভূমি’তে একসঙ্গে অভিনয় করেছিলেন তারা।