**যুবদল নেতা হত্যা মামলায় গ্রেপ্তার শমসের মবিন চৌধুরী কারাগারে**
পল্টন থানায় করা যুবদল নেতা শামীম মোল্লা হত্যা মামলায় গ্রেপ্তার তৃণমূল বিএনপির চেয়ারপারসন শমসের মবিন চৌধুরীকে কারাগারে পাঠানোর আদেশ দিয়েছে আদালত। ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালত শুক্রবার বিকেলে এই আদেশ দেয়। এই তথ্য নিশ্চিত করেছেন ঢাকা মেট্রোপলিটন পুলিশের অপরাধ ও তথ্য প্রদান বিভাগের সহকারী কমিশনার আলমগীর হোসেন।
আদালত সংশ্লিষ্ট সূত্র জানায়, পুলিশ শমসের মবিন চৌধুরীকে কারাগারে পাঠানোর আবেদন এবং তার আইনজীবী তাঁর জামিনের আবেদন করেছিলেন। উভয় পক্ষের শুনানি শেষে আদালত তাঁকে কারাগারে পাঠানোর আদেশ দেন।
গত বছরের ২৮ অক্টোবর নয়াপল্টনে বিএনপির মহাসমাবেশের সময় সংঘর্ষে যুবদল নেতা শামীম মোল্লা নিহত হন। তাঁকে হত্যার অভিযোগে ১৪ সেপ্টেম্বর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদেরসহ ৭০৪ জনকে আসামি করে মামলা করেন ছাত্রদলের সাবেক এক নেতা।
শমসের মবিন চৌধুরী প্রবীণ রাজনীতিবিদ এবং তিনি বিএনপির ভাইস চেয়ারম্যান ছিলেন। ২০১৫ সালে তিনি বিএনপির সব পদ থেকে পদত্যাগ করেন। এরপর ২০১৮ সালে সাবেক রাষ্ট্রপতি এ কিউ এম বদরুদ্দোজা চৌধুরীর নেতৃত্বাধীন বিকল্পধারা বাংলাদেশে যোগ দেন তিনি। ২০২৩ সালের সেপ্টেম্বরে তৃণমূল বিএনপির চেয়ারপারসন হিসেবে দায়িত্ব গ্রহণ করেন।
গত বৃহস্পতিবার দুপুরে ঢাকা মেট্রোপলিটন পুলিশের গোয়েন্দা বিভাগ (ডিবি) বনানী ডিওএইচএসের বাসা থেকে শমসের মবিন চৌধুরীকে গ্রেপ্তার করে। তার আগের দিন বুধবার তাঁকে প্রত্যাবাসন করা হয় হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে।