৫২ গাজীপুর প্রতিনিধি।।
আসন্ন শ্রীপুর উপজেলা পরিষদ নির্বাচনে বাংলাদেশ আ’লীগ মনোনীত প্রার্থী আব্দুল জলিলের গাড়ি বহরে হামলার ঘটনায় দায়েরকৃত মামলার আসামী মোঃ ইউসুফ আলীকে (৪০), গ্রেফতার করেছে ডিবি পুলিশ। গ্রেফতারকৃত ইউসুফ সাটিয়া বাড়ী এলাকার মৃতঃ মফিজ উদ্দিনের ছেলে। শনিবার রাতে ১০টার দিকে উপজেলার রাজাবাড়ি এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয় বলে জানান ডিবি ওসি আফজাল হোসেন।
স্থানীয় সূত্রে জানা যায়, নৌকা প্রতীকের প্রার্থী আব্দুল জলিলের গাড়ি বহরে গত (১৪ মার্চ) বৃহস্পতিবার দুপুরে প্রতিদ্বন্দ্বী প্রার্থীর সমর্থকরা হামলা চালিয়ে ৪ জন নেতা-কর্মীকে আহত করে। শ্রীপুর উপজেলার রাজাবাড়ী ইউনিয়নের কাফিলাতলী এলাকায় গণসংযোগ করতে যাওয়ার সময় নৌকার প্রার্থীর গাড়ি বহরে স্বতন্ত্র প্রার্থী সামসুল আলম প্রধানের লোকজন হামলা চালায় বলে ঐ দিনই আব্দুল জলিল বি.এ সংবাদ সম্মেলনে অভিযোগ করেন।
এ ঘটনায় শ্রীপুর থানায় ১০ জনকে আসামী করে একটি মামলা দায়ের করা হয় বলে জানান শ্রীপুর থানার ওসি জাবেদুল ইসলাম। এ মামলার ৩ নম্বর আসামী ইউসুফ আলীকে শনিবার রাতে গ্রেফতার করে ডিবি পুলিশ।