৫২ জাতীয় ডেস্ক।।
দেশের ৭৮টি উপজেলা পরিষদ নির্বাচনে আজ (রোববার) সকাল থেকে ভোট গ্রহণ চলছে। কোনো বিরতি ছাড়াই এদিন সকাল ৮টায় ভোটগ্রহণ শুরু হয়ে চলবে বিকেল ৪টা পর্যন্ত। জাতীয় নির্বাচনের দুই মাস পর অনুষ্ঠেয় এই উপজেলা নির্বাচন বর্জন করেছে বিএনপি ও সরকার বিরোধী জোটগুলো।
প্রথম ধাপের এই ভোটের আগের রাতে ব্যালট পেপারে সিল মারার অভিযোগে সিরাজগঞ্জ সদর উপজেলার একটি কেন্দ্রের তিন নির্বাচনী কর্মকর্তাকে আটক করা হয়েছে। একইসঙ্গে ওই ভোট কেন্দ্র স্থগিত ঘোষণা করেছেন জেলা রিটার্নিং অফিসার।
আজ সকালে সদর উপজেলা পরিষদের নির্বাচনের রিটার্নিং কর্মকর্তা আজিজার রহমান বলেন, সকালে ভোট গ্রহণ শুরুর আগে তিন নির্বাচনী কর্মকর্তাকে আটক করা হয়েছে। আটকরা হলেন- সিরাজগঞ্জ পৌর এলাকার ১ নম্বর ওয়ার্ডের মাহমুদপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রের প্রিসাইডিং অফিসার মো. আনোয়ার হোসেন, সহকারী প্রিসাইডিং অফিসার বেল্লাল হোসেন ও আলীম শেখ।
রিটার্নিং কর্মকর্তা আজিজার রহমান বলেন, ‘সেখানকার প্রিসাইডিং কর্মকর্তা আনোয়ার দাবি করেছেন, রাতে ব্যালট পেপারে ভোট মারা হচ্ছে, এটা বুঝতে পেরে তিনি এই কেন্দ্রের ভোট স্থগিত করেছেন। কিন্তু আমাদের ধারণা, তাঁর উপস্থিতিতে ব্যালটে ভোট মারা হয়েছে। তার মানে, এতে তাঁর যোগসাজশ থাকতে পারে। তাই তিনজনকেই আটক করা হয়েছে।’
প্রথম ধাপের ৮৭টি উপজেলা নির্বাচনের তফসিল ঘোষণা করা হলেও নির্বাচন হচ্ছে ৭৮টি উপজেলায়। এর মধ্যে স্থানীয় সংসদ সদস্যরা নির্বাচনে প্রভাব বিস্তার করার অভিযোগে শুক্রবার ইসি তিনটি উপজেলার নির্বাচন স্থগিত ঘোষণা করে। উপজেলা তিনটি হলো, লালমনিরহাট জেলার আদিতমারী, নেত্রকোণা জেলার পূর্বধলা ও সুনামগঞ্জ জেলার জামালগঞ্জ উপজেলা। অন্যদিকে জামালপুর জেলার মেলান্দহ ও মাদারগঞ্জ ও নাটোর জেলার নাটোর সদর উপজেলায় সব প্রার্থী বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হওয়ায় এই তিন উপজেলা নির্বাচন হচ্ছে না। আর রাজশাহী জেলার পবা, কুড়িগ্রাম জেলার ফুলবাড়ী উপজেলা এবং সিরাজগঞ্জ জেলার উল্লাপাড়া উপজেলার নির্বাচন স্থগিত করেছে আদালত।
নির্বাচনকে কেন্দ্র করে সংশ্লিষ্ট উপজেলায় সাধারণ ছুটি ঘোষণা করেছে জনপ্রশাসন মন্ত্রণালয়। গত মঙ্গলবার থেকে ওইসব উপজেলায় পুলিশ, র্যাব, বিজিবি, কোস্টগার্ডসহ আইনশৃঙ্খলা বাহিনীর সদস্য মোতায়েন করা হয়েছে। পাশাপাশি প্রতিটি উপজেলায় একজন জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট ও তিনটি ইউনিয়ন পরিষদের অধীনে একজন করে নির্বাহী ম্যাজিস্ট্রেট নিয়োগ দেয়া হয়েছে।