সুনামগঞ্জ-৫ আসন (ছাতক ও দোয়ারাবাজার) এর প্রাক্তন সংসদ সদস্য মুহিবুর রহমান মানিককে গ্রেফতার করা হয়েছে। র্যাব জানিয়েছে, আজ মঙ্গলবার রাজধানীর বসুন্ধরা আবাসিক এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়েছে।
র্যাবের আইন ও গণমাধ্যম শাখা থেকে প্রেরিত হোয়াটসঅ্যাপ বার্তায় জানানো হয়, সংসদ সদস্য মুহিবুর রহমানের বিরুদ্ধে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের পরবর্তী সময় সুনামগঞ্জ সদর থানায় মামলা হয়। তাকে ঢাকা মহানগর পুলিশের ডিবি কার্যালয়ে হস্তান্তরের প্রক্রিয়া চলছে।
সুনামগঞ্জের পুলিশ সুপার আ ফ ম আনোয়ার হোসেন প্রথম আলোকে জানিয়েছেন, সদর মডেল থানায় দ্রুত বিচার আইনে দায়ের করা একটি মামলায় মুহিবুর রহমান এজাহারভুক্ত আসামি।
গত ৪ আগস্ট সুনামগঞ্জ পৌর শহরে ছাত্র-জনতার আন্দোলনের সময় আন্দোলনকারীদের ওপর হামলা ঘটে। এ ঘটনায় আহত শিক্ষার্থী জহুর আহমদের ভাই হাফিজ আহমদ গত ২ সেপ্টেম্বর সদর মডেল থানায় দ্রুত বিচার আইনে মামলা করেন। এই মামলায় মুহিবুর রহমান মানিকসহ ৯৯ জনকে আসামি করা হয়েছে। অজ্ঞাত আসামি করা হয়েছে ১৫০ থেকে ২০০ জনকে।
এই মামলায় প্রাক্তন পরিকল্পনামন্ত্রী ও সুনামগঞ্জ-৩ আসনের (শান্তিগঞ্জ ও জগন্নাথপুর) প্রাক্তন সংসদ সদস্য এম এ মান্নানকে গত ১৯ সেপ্টেম্বর রাতে গ্রেফতার করে পুলিশ। গত শনিবার তিনি সুনামগঞ্জ কারাগারে অসুস্থ হয়ে পড়লে তাকে সিলেট কেন্দ্রীয় কারা হাসপাতালে নেওয়া হয়। সেখান থেকে আজ সকালে তাকে সিলেট এম এ জি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়েছে।