রাতে ভালো ঘুমের জন্য খান এই ৭ খাবার
পেনসিলভানিয়া বিশ্ববিদ্যালয়ের গবেষকরা দেখেছেন, কার্বোহাইড্রেট, ক্যালসিয়াম ও ম্যাগনেশিয়ামের মতো পুষ্টিগুলির ঘুমের সঙ্গে গুরুত্বপূর্ণ সম্পর্ক আছে। তাই শোয়ার আগে সঠিক খাবার খেলে দ্রুত ঘুম আসবে এবং ঘুম হবে গভীর।
**কলা**
কলায় পটাশিয়াম এবং ম্যাগনেশিয়াম আছে। পটাশিয়াম পায়ের পেশিগুলিকে শিথিল ও শান্ত করবে এবং ম্যাগনেশিয়াম স্নায়ু ও মাংসপেশিতে শিথিলতা আনবে। এটি হজমও উন্নত করে রক্ত সঞ্চালন বৃদ্ধি করতে পারে।
**মধু**
প্রাকৃতিক চিনি মধু কিছুটা ইনসুলিন বাড়ায় এবং মস্তিষ্কে ট্রিপটোফ্যানের গমনকে সহজ করে। ট্রিপটোফ্যান দেহঘড়ির হরমোন সেরেটোনিন ও মেলাটোনিন তৈরি করে, যা ঘুম ও জাগরণের চক্র নিয়ন্ত্রণের জন্য দায়ী।
**লেটুস**
লেটুসে প্রচুর পরিমাণে ল্যাকটুক্যারিয়াম নামের একটি উপাদান আছে, যা ঘুমে সাহায্য করে। শোয়ার আগে কুসুম গরম পানিতে কয়েকটি লেটুসপাতা ভিজিয়ে খেলে ঘুম ভালো হবে।
**আখরোট**
আখরোট ট্রিপটোফ্যানের ভালো উৎস। এতে ঘুম বাড়ানোর অ্যামাইনো অ্যাসিড আছে, যা সেরেটোনিন ও মেলাটোনিন তৈরিতে সাহায্য করে।
**কাজুবাদাম**
কাজুবাদামে প্রচুর ম্যাগনেশিয়াম এবং ট্রিপটোফ্যান রয়েছে। এই দুটি উপাদানই স্নায়ু ও মাংসপেশিকে শান্ত করে দেয়। এটি মাথাব্যথা উপশম করতেও সাহায্য করতে পারে।
**ডিম**
ডিমে ভিটামিন ডি আছে, যা ঘুমের ওপর প্রভাব ফেলে। মস্তিষ্কের যে অংশের নিউরন ঘুমাতে সাহায্য করে, ডিমের ভিটামিন ডি সেখানে কাজ করে।
**দুধ**
দুধে ট্রিপটোফ্যান এবং মেলাটোনিন আছে। ট্রিপটোফ্যান শরীরে সেরোটোনিন নিঃসরণে সাহায্য করে এবং সেরোটোনিন স্নায়ুকে শান্ত রাখে এবং চিন্তা দূর করে। এর ফলে দ্রুত ঘুম আসে।