৫২ জাতীয় ডেস্ক।।
বাংলাদেশের একাদশ জাতীয় নির্বাচনে ঠাকুরগাঁও–৩ (পীরগঞ্জ–রানীশংকৈল) আসন থেকে নির্বাচিত বিএনপিদলীয় সংসদ সদস্য জাহিদুর রহমান শপথ নিয়েছেন। আজ (বৃহস্পতিবার) বেলা ১২টা ১০ মিনিটে তাকে শপথবাক্য পাঠ করান স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরী।
একাদশ জাতীয় সংসদ নির্বাচনে জাহিদুর রহমান (ধানের শীষ) ৮৮ হাজার ৫১০ ভোট পেয়ে নির্বাচিত হন। তাঁর নিকটতম প্রতিদ্বন্দ্বী ছিলেন স্বতন্ত্র প্রার্থী মো. ইমদাদুল হক। তিনি ৮৪ হাজার ৩৮৫ ভোট পান। এ ছাড়া মহাজোটের প্রার্থী মো. ইয়াসিন আলী (নৌকা) ৩৮ হাজার ৬৩ ভোট পেয়ে তৃতীয় হন। জাতীয় পার্টির প্রার্থী হাফিজউদ্দিন আহম্মেদ (লাঙ্গল) ২৭ হাজার ১৮২ ভোট পেয়ে চতুর্থ হন। রংপুর বিভাগের মধ্যে জাহিদুর রহমানই একমাত্র বিএনপির প্রার্থী, যিনি জয়ী হতে পেরেছেন।
এদিকে বিএনপির চেয়ারপারসনের মিডিয়া উইংয়ের সদস্য শায়রুল কবির খান বলেন, ‘জাহিদুর রহমান শপথের বিষয়ে দল কিছু জানে না। দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর তার সঙ্গে যোগাযোগ করার চেষ্টা করছেন। কিন্তু তার সঙ্গে যোগাযোগ করা সম্ভব হচ্ছে না।’
একাদশ সংসদ নির্বাচনে জয়ী ৩০০ প্রার্থীর মধ্যে গণফোরামের মোকাব্বির খান ও সুলতান মো. মনসুদ আহমেদসহ নিয়ে ২৯৪ জন এ পর্যন্ত শপথ নিয়েছেন। বিএনপি থেকে নির্বাচিত ছয়জনই শুধু বাকি। নির্বাচনে ‘ভোট ডাকাতির’ অভিযোগ তুলে পুনর্নির্বাচনের দাবি তোলে দলটি।