৫২ জাতীয় ডেস্ক।।
বাংলাদেশে খাদ্যপণ্যে ভেজাল প্রতিরোধ করতে প্রয়োজনে কঠোরতম শাস্তির বিধান রেখে আইন সংশোধন করা হবে বলে জানিয়েছেন খাদ্যমন্ত্রী সাধন চন্দ্র মজুমদার। তিনি বলেন, ভেজাল প্রতিরোধে প্রয়োজনে যাবজ্জীবন কারাদণ্ডসহ মৃত্যুদণ্ডের বিধান রেখে আইন সংশোধন করা হবে। তবে কেবল আইন করলেই হবে না, সচেতনতাও বাড়াতে হবে। আর জনগণ সচেতন থাকলে এই আইনের প্রয়োজন হবে না।
আজ (রোববার) দুপুরে সচিবালয়ের সামনে নিরাপদ খাদ্য ও সচেতনতামূলক কর্মসূচি উদ্বোধনকালে এসব কথা বলেন খাদ্যমন্ত্রী। পবিত্র মাহে রমজান উপলক্ষে নিরাপদ খাদ্য নিশ্চিতকরণে বাংলাদেশ নিরাপদ খাদ্য কর্তৃপক্ষের সুসজ্জিত মোবাইল ভ্যানের মাধ্যমে ঢাকা মহানগরীতে এ প্রচার-প্রচারণা কর্মসূচি হাতে নিয়েছে।
সারাবছর খাদ্যে ভেজাল প্রতিরোধে অভিযান অব্যাহত থাকবে জানিয়ে খাদ্যমন্ত্রী বলেন, খাদ্যে এখন আর আগের মতো ভেজাল নেই। ভেজাল দেয়ার প্রবণতাও অনেকটা কমে এসেছে। মানুষের মধ্যে সচেতনতা বাড়ছে। ভেজাল বন্ধে সামাজিক আন্দোলন গড়ে তোলার কথাও বলেন তিনি।

৫২ ভেজাল পণ্য প্রত্যাহারে হাইকোর্টের নির্দেশ
এদিকে, বাংলাদেশ স্ট্যান্ডার্ডস অ্যান্ড টেস্টিং ইনস্টিটিউশনের (বিএসটিআই) পরীক্ষায় অকৃতকার্য হওয়া নামি-দামি কোম্পানির ভেজাল ও নিম্নমানের ৫২ পণ্য বাজার থেকে অবলিম্বে অপসারণের নির্দেশ দিয়েছে হাইকোর্ট। সেইসঙ্গে মান নিশ্চিত না করা পর্যন্ত এসব পণ্য উৎপাদন বন্ধে ব্যবস্থা নেয়ার নির্দেশ দেন আদালত।
আজ (রোববার) দুপুরে বিচারপতি শেখ হাসান আরিফ ও বিচারপতি রাজিক আল জলিলের হাইকোর্ট বেঞ্চ এ আদেশ দেন। নিরাপদ খাদ্য কর্তৃপক্ষ ও ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদফতরকে এই আদেশ বাস্তবায়নের নির্দেশ দেয়া হয়েছে।
আদেশের পর্যবেক্ষণে আদালত জানায়, নিরাপদ খাদ্য ব্যবস্থা গড়ে তুলতে সরকারকে জিরো টলারেন্স নীতি গ্রহণ করতে হবে। এ বিষয়টিকে সর্বাধিক গুরুত্ব দিতে হবে। সরকার এর আগে যেমন মাদকের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করেছে, প্রয়োজনে ভেজালের বিরুদ্ধেও একই রকম ব্যবস্থা নিতে হবে।
এর আগে বৃহস্পতিবার (৯ মে) কনসাস কনজ্যুমার সোসাইটির পক্ষে হাইকোর্টের আইনজীবী ব্যারিস্টার শিহাব উদ্দিন খান জনস্বার্থে এ বিষয়ে একটি রিট দায়ের করেন। এর প্রেক্ষিতে এমন আদেশ দেয় আদালত।
বিএসটিআইয়ের প্রতিবেদনে বলা হয়, রমজান মাস উপলক্ষ্যে খোলা বাজার থেকে ৪০৬টি খাদ্যপণ্যের নমুনা ক্রয় করে বিএসটিআইয়ের ল্যাবে পরীক্ষা করা হয়। এরমধ্যে ৩১৩টি পরীক্ষার প্রতিবেদন পাওয়া গেছে। যার মাধ্যে ৫২টি পণ্য পরীক্ষায় অকৃতকার্য হয়েছে।