৫২, গাজীপুর প্রতিনিধিঃ
শ্রীপুর উপজেলার এক প্রাইমারী স্কুলের শিক্ষিকা করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছেন। ওই শিক্ষিকা শ্রীপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে গিয়ে করোনার চিকিৎসা নিতে গেলে চিকিৎসকরা পালিয়ে যায়। এমন গুজব ফেসবুকে ছড়িয়ে জনমনে আতংক সৃষ্টির অভিযোগে আনোয়ার হোসেন (৩৫), নামে এক যুবককে আটক করেছে শ্রীপুর থানা পুলিশ। মঙ্গলবার (১৭ মার্চ) দুপুরে উপজেলার বৈরাগীরচালা এলাকা থেকে তাকে আটক করা হয়।
আটককৃত আনোয়ার শ্রীপুর পৌর এলাকার ভাংনাহাটি (ছাপিলাপাড়া) গ্রামের সুলতান উদ্দিনের ছেলে।
তিনি ফেসবুকে উল্লেখ করেন, “এক শিক্ষিকা ট্রেনিং করার সময় বিদেশী পর্যবেক্ষক দলের সঙ্গে ঘনিষ্ট হওয়ার কারণে করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছেন। আরো ক’জনের মধ্যে এ উপসর্গ দেখা গিয়েছে। তাদের ভাগ্যে কি ঘটেছে তা জানা নেই। আপনি- আমি, আমরা এবং কেউ এখন নিরাপদ নই। তবে শ্রীপুর হাসপাতালে সেদিন ওই শিক্ষিকা চিকিৎসা না পেয়ে নিজে পালিয়ে গিয়ে সন্তানদের নিয়ে নিজ ঘরের দরজা বন্ধ করে রেখেছেন। আর এলাকাবাসী বাড়ির নির্দিষ্ট দূরত্বে পাহারা বসিয়ে আল্লাহ আল্লাহ করছেন। তিনি এখন রীতিমত অবরুদ্ধ। ওই শিক্ষিকা এখন আতংকের নাম। জানি না তার ও তার পরিবারের সদস্যদের ভাগ্যে কি দুর্ভোগ রয়েছে?”
শ্রীপুর থানার উপ-পরিদর্শক (এসআই) এখলাস উদ্দিন জানান, স্থানীয় একটি সরকারী প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষিকা করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছেন বলে অভিযুক্ত আনোয়ার তার ব্যক্তিগত আইডি (ফেসবুক) থেকে প্রচার দেন। এছাড়াও ওই স্কুল শিক্ষিকা শ্রীপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা নিতে গেলে স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসকগণ চিকিৎসা না দিয়ে পালিয়েছে বলেও ব্যক্তিগত ফেসবুক একাউন্ট থেকে পোষ্ট করেন। মুহুর্তেই ওই পোষ্টটি ভাইরাল হয়। এতে অনেকেই আতংকিত হন।
শ্রীপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক চিকিৎসক এ.এস.এম ফতেহ আকরাম জানান, “রাতে (সোমবার) প্রাইমারী স্কুল শিক্ষিকা জ্বর- কাশি নিয়ে স্বাস্থ্য কমপ্লেক্সে আসেন এবং তিনি করোনা ভাইরাস নিয়ে আতংকিত ছিলেন। উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. প্রণয় ভূষণ দাস ওই শিক্ষিকার সাথে কথা বলে এবং ১৭ মার্চ (মঙ্গলবার) সকালে স্বাস্থ্য বিভাগের পক্ষ থেকে শিক্ষিকার বাসায় গিয়ে তথ্য সংগ্রহ করা দেখা হয় সে করোনায় আক্রান্ত নয়। তাই তাকে কোয়ারান্টাইন করার কোন প্রয়োজন নেই।”
শ্রীপুর উপজেলা স্বাস্থ্য পরিবার ও পরিকল্পনা কর্মকর্তা প্রণয় ভূষণ দাস জানান, এখনো শ্রীপুরে করোনায় আক্রান্ত হয়েছে এমন কোন রোগী শনাক্ত হয়নি। একটি কুচক্র মহল সরকারের ভাবমূর্তি ক্ষুন্ন করার প্রয়াসে সামাজিক যোগাযোগ মাধ্যমে নানা ধরনের অপ-প্রচার চালাচ্ছে। এ ব্যাপারে তিনি সকলকে সতর্ক থাকার পরামর্শ দেন।
এ বিষয়ে শ্রীপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) লিয়াকত আলী জানান, ডিজিটাল নিরাপত্তা আইনে মামলা রুজু করে তাকে কোর্টে প্রেরণ করা হয়েছে।