ময়মনসিংহের তারাকান্দায় গতকাল রোববার নিখোঁজের একদিন পর আজ সোমবার সকালে ঢাকুয়া ইউনিয়নের ভালকি গ্রামের তালুকদার বাড়ির পুকুর থেকে নিখোঁজ সাজ্জাদ তালুকদার নামে ছয় বছর বয়সী এক শিশুর মরদেহ উদ্ধার করা হয়েছে।
স্থানীয় সূত্রে জানা যায়, নিহত সাজ্জাদ ওই এলাকার আবুল বাসার সোহাগ তালুকদার নামে এক ব্যক্তির ছেলে। সে বেলা ৩টার দিকে নিখোঁজ হয়। তার পরিবারের সদস্যরা অনেক খোঁজাখুঁজি করেও তাকে খুঁজে পায়নি। তারপর তারা এলাকায় মাইকিং করে, সামাজিক যোগাযোগমাধ্যমে স্ট্যাটাসও দেন।
পরদিন সকালে সাজ্জাদের মরদেহ বাড়ির পাশের পুকুরে ভাসতে দেখা যায়। স্থানীয়রা পরিবারকে খবর দেয়। পরিবারের লোকজন এসে মরদেহটি উদ্ধার করে।
তারাকান্দা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) টিপু সুলতান জানিয়েছেন, বাড়ির পাশে পুকুরে ডুবে সাজ্জাদের মৃত্যু হয়েছে বলে ধারণা করা হচ্ছে। এ ঘটনায় তার বাবা একটি অপমৃত্যু মামলা করেছেন। লাশ ময়নাতদন্ত ছাড়াই পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।