অ্যাপল নিয়ে আসছে প্রি-ডায়াবেটিসের অ্যাপ
রক্তে গ্লুকোজের মাত্রা যখন স্বাভাবিকের চেয়ে বেশি কিন্তু ডায়াবেটিসের নির্ধারিত মাত্রার চেয়ে কম থাকে তখন তাকে প্রি-ডায়াবেটিস বা বর্ডারলাইন ডায়াবেটিস বলা হয়। প্রি-ডায়াবেটিস হলে রক্তে শর্করার মাত্রা বেড়ে যায়, যা টাইপ-২ ডায়াবেটিসের ঝুঁকি বাড়ায়। তবে স্বাস্থ্যকর খাদ্যাভ্যাস এবং ব্যায়ামের মাধ্যমে এই অবস্থার উন্নতি সম্ভব।
এজন্যই ডায়াবেটিস রোগ থেকে আইফোন ব্যবহারকারীদের রক্ষা করতে একটি অ্যাপ তৈরি করছে অ্যাপল। এই অ্যাপটি শুধুমাত্র রক্তে শর্করার মাত্রা নিয়ন্ত্রণের বিভিন্ন পদ্ধতির কথা শেখাবে না, বরং খাবারের ক্যালরি পরিমাপ করতেও সাহায্য করবে।
খবরে জানা গেছে, অ্যাপল অনেকদিন ধরেই রক্তে শর্করা মাপার নতুন প্রযুক্তির ওপর কাজ করছে। এ বিষয়ে নির্দিষ্ট কোনও তথ্য পাওয়া না গেলেও, একটি প্রতিবেদনে ব্লুমবার্গ জানিয়েছে যে, প্রি-ডায়াবেটিসে আক্রান্ত ব্যক্তিদের জন্য একটি অ্যাপ তৈরি করছে অ্যাপল। যেকোনো ব্যক্তির রক্তে শর্করার মাত্রা নিয়ন্ত্রণ করতে বিভিন্ন তথ্য দিয়ে সাহায্য করবে এই অ্যাপ। বেশ কয়েকজন অ্যাপল কর্মীর ওপর এরই মধ্যে অ্যাপটির কার্যকারিতা পরীক্ষাও করা হয়েছে।
অ্যাপলের এই অ্যাপের মূল উদ্দেশ্য হলো ব্যক্তির খাদ্যাভ্যাস এবং রক্তে শর্করার মাত্রা বৃদ্ধি অথবা হ্রাসের মধ্যে সম্পর্ক বোঝার ক্ষেত্রে সাহায্য করা। যেমন, বেশি কার্বোহাইড্রেটযুক্ত খাবার রক্তে শর্করার মাত্রা বাড়িয়ে দেয়, আবার সেই খাবারের সঙ্গে কিছু প্রোটিন খেলে শর্করার মাত্রা কিছুটা নিয়ন্ত্রণে থাকে।
প্রি-ডায়াবেটিস সহ অন্যান্যদের জন্য বাজারে মেটাবলিক হেলথ ট্র্যাকিং ডিভাইসের চাহিদা বাড়ছে। সম্প্রতি ডেক্সকম এবং অ্যাবট নামের প্রতিষ্ঠান অ্যানসুলিন নির্ভর নন এমন ব্যক্তিদের জন্য বিশেষ গ্লুকোজ মনিটরিং সিস্টেম এনেছে। আবার নিউট্রিসেন্স এবং লেভেলসের মতো স্টার্টআপও তাদের গ্রাহকদের ওজন নিয়ন্ত্রণ, শারীরিক ব্যায়াম বা খাদ্যাভ্যাসের প্রভাব বোঝার জন্য গ্লুকোজ মনিটরের ব্যবহার নিয়ে গবেষণা করছে। এই প্রবণতাগুলির সাথে তাল মিলিয়ে, অ্যাপলও একটি রক্তে শর্করা মাপার অ্যাপ তৈরি করতে কাজ করছে।
সূত্র: দ্য ভার্জ