সরকারি শিক্ষক নিয়োগে ষষ্ঠ গণবিজ্ঞপ্তি প্রকাশে শিক্ষাপ্রতিষ্ঠানের শূন্য পদের চাহিদা চেয়েছে এনটিআরসিএ
শিক্ষা প্রতিষ্ঠানে এমপিওভুক্ত শিক্ষক নিয়োগের জন্য সরকারি নিয়োগকারী সংস্থা এনটিআরসিএ ষষ্ঠ গণবিজ্ঞপ্তি প্রকাশের প্রক্রিয়া শুরু করেছে। আর এজন্য প্রতিষ্ঠানের প্রধানদের কাছে শূন্য পদের তালিকা চাওয়া হয়েছে। শুধু তাই নয়, আগামী তিন বছরের জন্য সম্ভাব্য শূন্য পদের তথ্যও চেয়েছে এনটিআরসিএ।
এনটিআরসিএ জানিয়েছে, তারা সব তথ্য যাচাই-বাছাই করে শূন্য পদের সংখ্যা নির্ধারণ করবে। এরপরই গণবিজ্ঞপ্তি প্রকাশ করা হবে। শূন্য পদের সংখ্যা বা গণবিজ্ঞপ্তি প্রকাশের সময় এখনও নির্ধারণ করা হয়নি।
এনটিআরসিএর বিজ্ঞপ্তিতে কী বলা হয়েছে?
ষষ্ঠ গণবিজ্ঞপ্তিতে নিয়োগ সুপারিশ
ষষ্ঠ গণবিজ্ঞপ্তির আওতায় শূন্য পদে অনলাইনে চাহিদা প্রদানে ইচ্ছুক এনটিআরসিএতে নিবন্ধিত সব শিক্ষাপ্রতিষ্ঠানকে অনলাইনে চাহিদা (e-Requisition) প্রদান করতে হবে। আগে জারি করা কোনো গণবিজ্ঞপ্তির আওতায় দেওয়া অনলাইনে চাহিদা কোনোভাবেই বহাল থাকবে না।
ষষ্ঠ নিয়োগ সুপারিশের জন্য প্রদত্ত অনলাইনে চাহিদা ছাড়াও এবার ই-রিকুইজিশনের সঙ্গে তিন বছরের সম্ভাব্য শূন্য পদের তালিকাও প্রদান করতে হবে। তিন বছরের শূন্য পদের তথ্য প্রদান না করলে ই-রিকুইজিশন সাবমিট করা যাবে না।
প্রতিষ্ঠানের প্রধানরা তাদের নিজস্ব ইউজার আইডি ও পাসওয়ার্ড ব্যবহার করে অনলাইন ফরমটি পূরণ করে শুধু এমপিওভুক্ত শূন্য পদের অনলাইনে চাহিদা প্রেরণ করবেন।