৫২ মফস্বল ডেস্ক।।
জেলা প্রশাসন ও ক্ষমতাসীন দলের
সমন্বয়হীনতায় উন্নয়ন মেলা সফল হয়নি
নরসিংদী সরকারি কলেজ ময়দানসহ শহরের জনবহুল এলাকা বাদ দিয়ে একটি জন-মানবহীন চিপা গলির উপর উন্নয়ন মেলার আয়োজন করার ঘটনা নিয়ে জনমনে ব্যাপক প্রশ্নের উদ্রেক করেছে।
বিরুপ প্রতিক্রিয়ার সৃষ্টি হয়েছে স্থানীয় আওয়ামীলীগের নেতাকর্মী ও সমর্থকদের মধ্যে। উন্নয়ন মেলায় উন্নয়নের কোন সঠিক তথ্য পাওয়া যায়নি। সরকারের উন্নয়ন সংস্থা ও প্রতিষ্ঠানগুলোর কাছে উন্নয়ন মেলা যথাযথ গুরুত্ব পায়নি। যার ফলে ব্যাহত হয়েছে সরকারের উন্নয়ন মেলার প্রকৃত উদ্দেশ্য।
জনগণ বঞ্চিত হয়েছে সরকারের বিভিন্ন বিভাগের ৮ বছরের উন্নয়ন কার্যক্রম, ভবিষ্যৎ উন্নয়ন পরিকল্পনা সম্পর্কে জানা ও বুঝার সুযোগ থেকে। অভিজ্ঞজনরা বলছেন, জেলা প্রশাসন ও ক্ষমতাসীন দলের সমন্বয়হীনতার কারণে উন্নয়ন মেলা সফল হয়নি।
দীর্ঘ ৩ মাসাধিক কাল ধরে জেলা আওয়ামীলীগের সাথে জেলা প্রশাসনের দ্বন্দ্ব, জেলা প্রশাসকের ব্যক্তিগত জিদ বা আত্মকেন্দ্রিকতা এবং মেলা সম্পর্কে ক্ষমতাসীন আওয়ামী লীগ নেতা ও অভিজ্ঞ ব্যক্তিবর্গের সাথে কাউন্সিলিং না করার কারনে এ অবস্থার সৃষ্টি হয়েছে।
মেলাটিতে কমবেশি ৭০ টি স্টল স্থাপন করা হলেও অধিকাংশ স্টল ছিল নামমাত্র। শুধুমাত্র ব্যানার ও ফেস্টুন সংবলিত এই স্টলগুলোতে নিজ নিজ বিভাগের কোন উন্নয়ন তথ্য খুঁজে পাওয়া যায়নি। ৩ দিন ব্যাপী মেলায় সকাল থেকে সারাদিন মেলা প্রাঙ্গনে উল্লেখযোগ্য সংখ্যক স্বতঃফুর্ত লোকজনের আনাগোনাও দেখা যায়নি।
সন্ধ্যার পরও লোকের আনাগোনা তেমন পরিলক্ষিত হয়নি। সাধারণ দর্শকরা বলছেন, মেলাটি নরসিংদী সরকারি কলেজ মাঠে অনুষ্ঠিত হলে হাজার হাজার মানুষের সমাবেশ ঘটত। লোকজনের আনাগোনা কম দেখে জনৈক ব্যক্তি বলে উঠেন, লোকজন কোথায় আসবে? ৭০ টি ষ্টলের ১৪০ জন লোক রাস্তায় দাড়ালে এখানে মানুষ আসা-যাওয়ার আর জায়গাই থাকবে না।
আমদানীকৃত লোকছাড়া এখানে স্বত:স্ফূর্ত জনগনের আগমন ছিল খুবই কম। লোকজন বলাবলি করছে উন্নয়ন মেলার জন্য সবচেয়ে উপযোগী স্থান হচ্ছে নরসিংদী সরকারি কলেজ ময়দান। সরকারি কলেজসহ আশেপাশে ২০/২৫ টি প্রাইভেট কলেজ, স্কুল, নরসিংদী রেলওয়ে ষ্টেশন মিলিয়ে এই এলাকায় ১৮ ঘন্টায় লক্ষাধিক লোকের সমাবেশ ও আগমন ঘটে থাকে। যুগ যুগ ধরে এই মাঠেই বিভিন্ন মেলা আয়োজিত হয়ে আসছে।
এছাড়াও রয়েছে নরসিংদীর সদর উপজেলা ময়দান। নরসিংদী ষ্টেডিয়াম চত্ত্বর ও পৌরসভা চত্তরের মতো খোলামেলা জনবহুল জায়গা। এসব জায়গা বাদ দিয়ে জেলা প্রশাসন কেন কালেক্টরেট ভবন ও সদর উপজেলা পরিষদের পিছনের একটি চিপা গলির উপর মেলার আয়োজন করেন তা নিয়ে চলছে ব্যাপক আলোচনা ও সমালোচনার ঝড়।
জেলা ছাত্রলীগের নেতৃবৃন্দ জানিয়েছে গত বছর নরসিংদী সরকারি কলেজ মাঠে নরসিংদী চেম্বার অব কমার্স একটি বানিজ্য মেলার আয়োজন করে। এই বানিজ্য মেলা চলাকালীন নরসিংদীর জেলা প্রশাসক মেলা পরিদর্শন করতে যান। এসময় মেলার গেইট তালাবদ্ধ থাকায় জেলা প্রশাসক আবু হেনা মোরশেদ জামান দারুনভাবে উত্তেজিত হয়ে পড়েন।
তিনি ছাত্রলীগ নেতৃবৃন্দ এবং কলেজের প্রিন্সিপালকে অশালীন ভাষায় গালাগাল করেন। শুধু তাই নয় জেলা প্রশাসককে আসতে দেখে দারোয়ান দৌড়ে এলে তিনি তাকে আটক করে হাতকড়া পড়িয়ে মেলার মাঠে ঘুরান। এই ঘটনা প্রচারিত হবার পরদিন নরসিংদী সরকারি কলেজের ছাত্র-শিক্ষকরা জেলা প্রশাসকের বিরুদ্ধে মানববন্ধন কর্মসূচী পালন করেন।
এতে ক্ষিপ্ত হয়ে জেলা প্রশাসক আবু হেনা মোরশেদ জামান নরসিংদীর এমপি ও পানি সম্পদ প্রতিমন্ত্রীকে ওভারটেক করে কলেজের প্রিন্সিপাল সিরাজুল ইসলামকে তাৎক্ষনিকভাবে বদলি করান।
আর এই কারনেই জেলা প্রশাসক জিদ করে নরসিংদী সরকারি কলেজ মাঠে মেলার আয়োজন করেননি।জেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক আলহাজ্ব আব্দুল মতিন ভূইয়া জানিয়েছেন, উন্নয়ন মেলা আওয়ামীলীগ সরকারের উন্নয়ন কর্মকান্ডের সফলতার পরিচায়ক।
অথচ মেলা অনুষ্ঠানের ব্যাপারে জেলা প্রশাসক, জেলার মন্ত্রী ও আওয়ামীলীগের নেতৃবৃন্দের সাথে কোন প্রকার কথা বলেননি। মেলার ভেন্যু নিয়ে কোন পরামর্শ করেননি। তিনি সম্পূর্ণ একক সিদ্ধান্তে একটি জনমানবহীন চিপা গলির উপর মেলার আয়োজন করেছেন।
যার ফলে অনেক উৎসাহী ব্যক্তিরাও পরিবার পরিজন নিয়ে মেলা পরিদর্শনে যেতে পারেননি। এই মেলাটি সরকারের একটি অতি গুরুত্বপূর্ণ মেলা হলেও বর্তমান জেলা প্রশাসনের কাছে মেলাটি ততটা গুরুত্ব পেয়েছে বলে প্রমান রাখতে পারেনি।
এতো গুরুত্বপূর্ণ একটি মেলা দায়সারাভাবেই শেষ হয়েছে। দেখার কেউ নেই, বলারও কেউ নেই। যেসব রাজনীতিকরা বলবেন প্রশাসনিক চাপে সেসব রাজনীতিকরা এখন কোনঠাসা। জনগণ শুধ্ইু নীরব দর্শক।