**অল্পবয়স্কদের দিয়ে নির্লজ্জ দৃশ্যায়ন, একতা কাপুরের বিরুদ্ধে মামলা**
আইনের জালে পড়েছেন প্রযোজক একতা কাপুর ও তাঁর মা শোভা কাপুর। ওটিটি প্ল্যাটফর্ম অল্ট বালাজির একটি ওয়েব সিরিজে অপ্রাপ্তবয়স্কদের নিয়ে নির্লজ্জ দৃশ্যায়নে অভিনয় করানোর অভিযোগ উঠেছে।
মুম্বই পুলিশের তরফে হিন্দুস্তান টাইমসকে জানানো হয়েছে, বালাজি টেলিফিল্ম লিমিটেড, একতা কাপুর ও তাঁর মা শোভা কাপুরের বিরুদ্ধে ভারতীয় দণ্ডবিধির ২৯৫-এ ধারা, তথ্যপ্রযুক্তি আইন ও পকসো আইনের ১৩ ও ১৫ ধারায় মামলা হয়েছে।
অভিযোগ, ২০২১ সালের ফেব্রুয়ারি থেকে এপ্রিল পর্যন্ত অল্ট বালাজিতে প্রচারিত এই সিরিজে অপ্রাপ্তবয়স্কদের নিয়ে অশ্লীল দৃশ্য দেখানো হয়েছে। তবে বর্তমানে বিতর্কিত এই পর্বটি অ্যাপটিতে স্ট্রিমিং করা হচ্ছে না।
অল্ট বালাজি নামের এই ওটিটি প্ল্যাটফর্মের কর্ণধার একতা ও শোভা। ‘গান্ধী বাত’ নামের এই সিরিজ যৌনকর্ম ও মাদক সেবনের ওপর নির্মিত হয়েছে। অভিযোগ উঠেছে, এই দৃশ্যগুলোতে অভিনয়কারী সকলেই অপ্রাপ্তবয়স্ক।
মুক্তির পরেই উঠেছে জোর চর্চা। তবে বিষয়টি নিয়ে একতা বা শোভা কাপুরের কোনও মন্তব্য পাওয়া যায়নি।