মামুন হোসেন, ৫২ গাজীপুর থেকে।।
শ্রীপুর উপজেলার যোগীরসিট এলাকা থেকে প্রশ্নপত্র ফাঁস চক্রের দুই সদস্য আটক করেছে র্যাব-১ এর সদস্যরা। ৩১ জানুয়ারী (বৃহস্পতিবার) রাত ১২টার দিকে উপজেলার যোগীরসিট এলাকা থেকে তাদেরকে আটক করা হয়। আটককৃতরা হলেন- যোগীরসিট গ্রামের মোঃ আবুল হাসেমের ছেলে রফিকুল ইসলাম (২৫), ঐ এলাকার মোঃ শুকুর আলীর ছেলে মোঃ আকরাম হোসেন (২১)। র্যাবের (১)- লেফটেন্যান্ট কমান্ডার আব্দুল্লাহ্ আল- মামুন জানান, গোপন সংবাদের ভিত্তিতে ঐ রাতে যোগীরসিট এলাকায় অভিযান চালিয়ে তাদেরকে আটক করা হয়। তিনি আরো জানান, পরে তাদের কাছ থেকে প্রশ্নপত্র ফাঁসের কাজে ব্যবহৃত দুটি মোবাইল ফোন জব্দ করা হয়। মোবাইলে হোয়াটসঅ্যাপ ও ফেসবুকে প্রশ্নপত্র ফাঁসের বিভিন্ন সংশ্লিষ্টতা পাওয়া যায়। আটককৃত রফিকুল ইসলাম, গাজীপুর ভাওয়াল বদরে আলম সরকারি কলেজের অনার্স চতুর্থ বর্ষের ছাত্র। নিজস্ব কোচিং সেন্টার পরিচালনাসহ শিক্ষকতা করে আসছিলেন। তিনি, ২০১৭ সালে থেকে বিভিন্ন ফেসবুক আইডি খুলে প্রশ্নপত্র ফাঁস সংক্রান্ত কার্যক্রম পরিচালনা করে আসছিল। পিএসসি, জেএসসি এবং এসএসসি পরীক্ষায় শিক্ষার্থীদের ৮ থেকে ১০টি পরীক্ষার প্রশ্ন বিতরণ করে বিকাশের মাধ্যমে মোটা অংকের টাকা হাতিয়ে নিচ্ছেন বলেও জানান র্যাবের- এ কর্মকর্তা।