৫২ জাতীয় ডেস্ক।।
ঢাকা বিশ্ববিদ্যালয় (ঢাবি) কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) ও হল সংসদ নির্বাচন চলাকালে রোকেয়া হলের প্রভোস্ট ড. জিনাত হুদাকে লাঞ্ছিত করার অভিযোগে দুই ভিপি প্রার্থী কোটা সংস্কার আন্দোলনের নেতা নুরুল হক নুরু ও ছাত্র ইউনিয়নের সাধারণ সম্পাদক লিটন নন্দীসহ পাঁচজনের বিরুদ্ধে মামলা করা হয়েছে।
সোমবার রাতে ঢাবি’র নৃত্যকলা বিভাগের চতুর্থ বর্ষের শিক্ষার্থী মারজুকা রায়না বাদী হয়ে রাজধানীর শাহবাগ থানায় মামলাটি করেন। অপর তিনজন হলেন- ঢাবির জহুরুল হক হল ছাত্রদলের যুগ্ম-আহ্বায়ক ও জিএস প্রার্থী খন্দকার আনিসুর রহমান, ছাত্র ফেডারেশনের ঢাবি শাখার সভাপতি ও জিএস প্রার্থী উম্মে হাবীবা বেনজীর ও রোকেয়া হল সংসদে স্বতন্ত্র ভিপি প্রার্থী শেখ মৌসুমী। এছাড়া অজ্ঞাতপরিচয় ৩০/৪০ জনকে মামলায় আসামি করা হয়েছে।
মামলার এজাহারে বলা হয়, সোমবার সকাল ১১টা ২০ মিনিটের দিকে মারজুকা রায়না রোকেয়া হলে ভোটের লাইনে দাঁড়ান। এর মধ্যে হেরে যাওয়ার ভয়ে নির্বাচনের সুষ্ঠু পরিবেশ বানচাল করার চেষ্টা চালান অভিযুক্তরা। তারা গণমাধ্যমকর্মীদের মধ্যে গুজব ছড়িয়ে দেন যে, ট্রাংক ভর্তি সিল মারা ব্যালট পেপার হলের ভেতরে রয়েছে। পাশাপাশি তারা শিক্ষার্থীদের বিভ্রান্ত করে উসকে দেন। শুধু তাই নয়, অভিযুক্তরা প্রভোস্টের কথা না শুনে তাকে শারীরিকভাবে লাঞ্ছিত করেন এবং শিক্ষার্থীদের গালাগাল করেন। এ সময় তারা রোকেয়া হল সংসদের দরজা-জানালা লাথি মেরে ভেঙে ফেলার চেষ্টা চালান। পরে তারা সংসদের ভেতর অনধিকার প্রবেশ করে একটি ট্রাংক বের করে আনেন। সেটি খুলে দেখা যায়, সব ব্যালট পেপারই সাদা। কোনোটিতে সিল মারা নেই।
এর আগে, রোকেয়া হল থেকে ‘ব্যালট ছিনতাইয়ে’র মাধ্যমে কোটা সংস্কার আন্দোলনের নেতা নুরুল হক নুর ‘শিক্ষার্থীদের স্বপ্ন ছিনতাই করেছে’ বলে মন্তব্য করেন ছাত্রলীগের সাধারণ সম্পাদক গোলাম রাব্বানী। সোমবার বিকেলে এক জরুরি সংবাদ সম্মেলনে ছাত্রলীগের প্যানেল থেকে সাধারণ সম্পাদক (জিএস) পদে প্রার্থী রাব্বানী বলেন, ‘রোকেয়া হলে ফাঁকা ব্যালট পাওয়া গেছে। আপনারা সবাই জানেন, আপনারা সামাজিক যোগাযোগ মাধ্যমে সবাই দেখেছেন কিভাবে ব্যালট ছিনতাই হয়েছে। ওই ফাঁকা ব্যালট ছিল, নুর নিজে সেখানে ছিল। সে নিজেও পরীক্ষা কওে দেখেছে। তখন ধরা খাওয়ার ভয়ে সে আহত হওয়ার ভান ধরে।’
গোলাম রাব্বানী বলেন, “লিটন, নুর, রাশেদের প্রার্থিতা বাতিল করতে হবে, তাদের স্থায়ী বহিষ্কার করতে হবে। সাধারণ শিক্ষার্থীদের স্বপ্ন ছিনতাইয়ের অভিযোগে তাদের বিরুদ্ধে মামলা করা হবে।”