**মোহনপুরে পটোলখেতে বেতারকর্মীর মরদেহ উদ্ধার**
রাজশাহীর মোহনপুর উপজেলার কেশরহাট ইউনিয়নের মগরা বিল এলাকার একটি পটোলখেতে বেতারকর্মী শাহাবুল ইসলাম (৪৫) নামের এক ব্যক্তির মরদেহ উদ্ধার করেছে পুলিশ। আজ বুধবার সকাল সাতটার দিকে মরদেহটি উদ্ধার করা হয়।
মৃত শাহাবুল মোহনপুর উপজেলার গোপাইল গ্রামের জেহের আলীর ছেলে। স্থানীয় সূত্রে জানা গেছে, শাহাবুল আওয়ামী লীগের কর্মী ছিলেন।
স্থানীয় কৃষক ধানু চন্দ্র দাস জানান, সকালে তিনি খেতে কাজে গেলে শাহাবুলের মরদেহ দেখতে পান। তিনি পুলিশ ও স্থানীয়দের খবর দেন। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে।
মোহনপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আব্দুল হান্নান বলেন, মরদেহের পাশে বিষের একটি বোতল পাওয়া গেছে। তাঁর মুখেও বিষের চিহ্ন আছে। মরদেহটি ময়নাতদন্তের জন্য রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। তদন্ত প্রতিবেদন আসলে মৃত্যুর প্রকৃত কারণ জানা যাবে।
ওসি মো. আব্দুল হান্নান আরও বলেন, মৃত ব্যক্তি আওয়ামী লীগ কর্মী ছিলেন কিনা, তা নিশ্চিত হওয়া যায়নি। তবে স্থানীয়রা বলছেন তিনি আওয়ামী লীগের সমর্থক ছিলেন।