ইসলামী বিশ্ববিদ্যালয়ে এক শিক্ষককে বিভাগের কাজকর্মে অংশ নিতে নিষেধ
কুষ্টিয়া ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) ডেভেলপমেন্ট স্টাডিজ বিভাগের সহকারী অধ্যাপক হাফিজুল ইসলামকে বিভাগের সকল কার্যক্রমে অংশ না নেওয়ার নির্দেশ দিয়েছে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। বুধবার ভারপ্রাপ্ত রেজিস্ট্রার এইচ এম আলী হাসানের স্বাক্ষরে বিশ্ববিদ্যালয়ের তরফে একটি চিঠি জারি করে হাফিজুল ইসলামকে এ নির্দেশ দেওয়া হয়েছে।
চিঠিতে উল্লেখ করা হয়েছে, হাফিজুল ইসলামের বিরুদ্ধে শিক্ষার্থীদের লিখিত ও মৌখিক অভিযোগের ভিত্তিতে তদন্ত কমিটি গঠন করা হয়েছে। তাই তদন্ত শেষ না হওয়া পর্যন্ত তাকে বিভাগের শিক্ষা কার্যক্রম, পরীক্ষা এবং অন্যান্য সকল কাজকর্মে অংশ নিতে নিষেধ করা হয়েছে।
বিশ্ববিদ্যালয় সূত্র জানিয়েছে, হাফিজুল ইসলামের বিরুদ্ধে শিক্ষার্থীরা গুরুতর অভিযোগ তুলেছেন। তাদের অভিযোগে বলা হয়েছে যে, হাফিজুল ইসলাম কর্তৃক শিক্ষার্থীদের যৌন হয়রানি, শারীরিক নির্যাতন, ছাত্রীদের নিয়ে কুরুচিপূর্ণ মন্তব্য, ছাত্রদের সমকামিতায় জোর করা, কথা না শুনলে নম্বর কমিয়ে দেওয়া, মেয়েদের ব্যক্তিগত ফোন নম্বরে কল করে বিরক্ত করা, ফেক আইডি দিয়ে ছাত্রীদের সঙ্গে কুরুচিপূর্ণ আলোচনা ইত্যাদি ঘটনা ঘটেছে।
এই অভিযোগের পরিপ্রেক্ষিতে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ তদন্ত কমিটি গঠন করেছে। এছাড়াও হাফিজুল ইসলামকে স্থায়ীভাবে বিশ্ববিদ্যালয় থেকে বহিষ্কারের দাবিতে শিক্ষার্থীরা একাধিকবার মানববন্ধন, বিক্ষোভ ও প্রধান ফটক বন্ধের ঘটনা ঘটিয়েছে।
উল্লেখ্য, তদন্ত কমিটির কাছে সাক্ষাৎকার দিতে গতকাল মঙ্গলবার হাফিজুল ইসলামের ক্যাম্পাসে আসার কথা ছিল। তবে নিরাপত্তার কারণ দেখিয়ে তিনি ক্যাম্পাসে হাজির হননি। এদিন শিক্ষার্থীরা তাকে স্থায়ীভাবে বহিষ্কারের দাবিতে শোভাযাত্রা করে এবং তার একটি কুশপুত্তলিকাও দাহ করে।