৫২ জাতীয় ডেস্ক।।
বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয় (বিএসএমএমইউ) হাসপাতালে চিকিৎসাধীন আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদেরের অবস্থা স্থিতিশীল। তার এবং অন্যসব রোগীদের চিকিৎসার ব্যাঘাত না ঘটাতে হাসপাতালে দলের কোন নেতাকর্মীকে ভিড় না করার নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক কনক কান্তি বড়ুয়া সাংবাদিকদের এ তথ্য জানান।
আজ (শুক্রবার) সকাল সাড়ে ১০টায় আওয়ামী লীগ সভাপতির ধানমন্ডির রাজনৈতিক কার্যালয়ে আওয়ামী লীগ সম্পাদকমণ্ডলীর সভার মুলতবি বৈঠক হওয়ার কথা ছিল। সে অনুযায়ী ওবায়দুল কাদের সকাল ১০টায় ধানমন্ডি কার্যালয়ে পৌঁছান। কার্যালয়ে আসার কিছুক্ষণ পরই অসুস্থ বোধ করলে তাকে বিএসএমএমইউতে নেয়া হয়। কয়েকদিন ধরে ঠান্ডাজনিত সমস্যায় ভুগছিলেন ওবায়দুল কাদের।
উপাচার্য জানান, ওবায়দুল কাদেরকে পর্যবেক্ষণের জন্য করোনারি কেয়ার ইউনিটে (সিসিইউ) রাখা হয়েছে। তাকে ঘুমের ওষুধ দেয়া হয়েছে। তিনি এখন ঘুমাচ্ছেন। আতঙ্কিত হওয়ার কিছু নেই। তার ইকো করা হয়েছে। শিগগিরই পরিস্থিতি স্বাভাবিক হবে। প্রয়োজন পড়লে তাকে বিদেশে পাঠানো হবে।
গত বছরের ৩ মার্চ সকালে শ্বাসকষ্ট নিয়ে বিএসএমএমইউতে ভর্তি হন ওবায়দুল কাদের। এনজিওগ্রামে তার হৃদপিণ্ডের রক্তনালীতে তিনটি ব্লক ধরা পড়ে। এরপর স্টেন্টিংয়ের মাধ্যমে একটি অপসারণ করেন চিকিৎসকরা। তার অবস্থার কিছুটা উন্নতি হলে উন্নত চিকিৎসার জন্য ৪ মার্চ বিকেলে এয়ার অ্যাম্বুলেন্সে করে সিঙ্গাপুরে নেয়া হয়। এরপর ২০ মার্চ কার্ডিও থেরাসিক সার্জন ডা. সিবাস্টিন কুমার সামির নেতৃত্বে সিঙ্গাপুর মাউন্ট এলিজাবেথ হাসপাতালে কাদেরের বাইপাস সার্জারি সম্পন্ন হয়। ধীরে ধীরে তিনি সুস্থ হয়ে ওঠেন। নিয়মিত সিঙ্গাপুর ফলোআপ চিকিৎসার চালিয়ে যাচ্ছেন ওবায়দুল কাদের।