৫২ জাতীয় ডেস্ক।।
মমিনুল ইসলাম বাবু, ৫২ কুড়িগ্রাম থেকে।।
কুড়িগ্রামে বিচ্ছিন্ন সংঘর্ষে আওয়ামীলীগের ৪ কর্মী আহত হয়েছে। ভোটে অনিয়মের প্রতিবাদে ৩ প্রার্থী নির্বাচন বর্জন করেছেন।
কুড়িগ্রাম-৩ আসনে দুর্গাপুর উচ্চ বিদ্যালয় কেন্দ্রে বিএনপি সমর্থিত কর্মীরা নৌকার সমর্থকদের উপর হামলায় রাকিব (৩০) ও রহমত (৪৫) নামে ২জন আহত হয়েছে। এই আসনে বালারচর দাখিল মাদ্রাসা ভোট কেন্দ্রে বিএনপি কর্মীদের হামলায় আহত হয়েছে মুকুল (৩০) ও বকুল মিয়া (২৬) নামে আওয়ামীলীগের ২ কর্মী। ভোগডাঙা মডেল কলেজ মহিলা কেন্দ্রে দুপুর সাড়ে ১২টার দিকে বিএনপি-জামায়াতের কর্মীদের হামলায় আহত হন ছাত্রলীগ কর্মী সাইদুর। তাকে কুড়িগ্রাম সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে।

এছাড়াও উলিপুরের দড়ি কিশোরপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে বিএনপি সর্মথকরা ব্যালটবাক্্র ছিনতাইয়ের চেষ্টা করলে পুলিশ ৩ রাউন্ড ফাঁকা গুলি বর্ষণ করে। এছাড়াও কুড়িগ্রাম-২ আসনে হলোখানা ইউনিয়নের হেমেরকুটি বরকতিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে জামায়াত ও বিএনপি সমর্থক কর্মীরা মহাজোটের কর্মীদের ধাওয়া দিয়ে কেন্দ্র থেকে তাড়িয়ে দেয়। পরে আইন-শৃংখলা বাহিনীর সদস্যরা এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।

এদিকে নির্বাচনে অনিয়ম, কেন্দ্র দখল ও জাল ভোট প্রদানের প্রতিবাদে ৩ প্রার্থী ভোট বর্জন করেছেন। কুড়িগ্রাম-৪ আসনের সাবেক সংসদ সদস্য ও স্বতন্ত্র প্রার্থী গোলাম হাবীব দুলাল জাল ভোট ও কেন্দ্র দখলের প্রতিবাদে ভোট বর্জন করেছেন। তিনি জানান, জেলা প্রশাসকের কাছে তিনি একটি লিখিত অভিযোগ দিয়েছেন। একই আসনের স্বতন্ত্র প্রার্থী ইমরান এইচ সরকার নির্বাচন বর্জন করে জানান, বেশীরভাগ ভোটকেন্দ্র আওয়ামীলীগ কর্মীরা দখল করে ব্যালট পেপারে সিল মারে। একই অভিযোগে দুপুরে ভোট বর্জনের ঘোষণা দেন এই আসনের বিএনপির প্রার্থী আজিজুর রহমান।