মানিক মিয়া (সদর প্রতিনিধিঃ)
গাজীপুর সদর উপজেলার মনিপুর বাজারের হোতাপাড়া এলাকায় বাসাবাড়িতে অবৈধভাবে সংযোগ দেয়া প্রায় ১,২০০শ বাড়ীর দুই হাজার অবৈধ চুলায় গ্যাস সংযোগ বিচ্ছিন্ন করছে তিতাস গ্যাস কর্তৃপক্ষ।
বৃহস্পতিবার (১৭ সেপ্টেম্বর) সকাল থেকে বিকাল পর্যন্ত গাজীপুর জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট হারুন অর রশিদ এর নেতৃত্ত্বে অবৈধ গ্যাস পাইপ লাইন বিচ্ছিন্ন করণে মোবাইল কোর্ট পরিচালিত হয়।
এসময় অবৈধ গ্যাস ব্যবহারের দায় নির্বাহী ম্যাজিস্ট্রেট হারুন অর রশিদ ৬ জনকে ৫ লাখ টাকা একজনকে ২ লক্ষ টাকা জরিমানা করেন এবং ৩ মাসের কারাদন্ড প্রদান করেন। এছাড়াও ৬টি পয়েন্টে ২.০কিলোমিটার এলাকার ১ও ২ ব্যাসের ৪০০ মিটার পাইপ লাইনের গ্যাস সংযোগ বিচ্ছিন্ন করা হয়। এসময় ১,২০০শ বাড়ীর ২০০০ অবৈধ চুলায় গ্যাস সংযোগ বিচ্ছিন্ন হয়।
এদিকে স্থানীয় হাজী আলমাস কাজীর কলোনীতে অবৈধ লাইন উচ্ছেদ করতে গেলে কলোনীর লোকজন তিতাস গ্যাসের গাজীপুর আঞ্চলিক অফিসের উপব্যবস্থাপক প্রকৌশলী মির্জা শাহনেওয়াজ লতিফের উপর হামলা চালিয়ে তাকে আটক করে রাখে। পরে পুলিশ ও ম্যাজিস্ট্রেট গিয়ে কলোনীর তালা ভেঙ্গে তাকে উদ্ধার করে।
তিতাস গ্যাস গাজীপুর জোনাল বিপণন অফিস-জয়দেবপুর এর উপব্যবস্থাপক প্রকৌশলী মির্জা শাহনেওয়াজ লতিফ জানান, গাজীপুর সদর উপজেলার মনিপুর এলাকায় কতিপয় অসাধু লোকজনের সহযোগিতায় এলাকাবাসী অবৈধভাবে বাসা বাড়ীতে গ্যাস ব্যবহার করছিল। এর আগেও কয়েকবার উক্ত এলাকায় অভিযান পরিচালনা করে অবৈধ লাইন উচ্ছেদ করা হয়েছিল। কিন্ত স্থানীয় কতিপয় প্রভাবশালী লোকজন আবারো এলাকাবাসীর কাছ থেকে টাকা নিয়ে রাতের অন্ধকারে গ্যাস সংযোগ প্রদান করে। খবর পেয়ে তিতাস কর্তৃপক্ষ জেলা প্রশাসন এর সহযোহিতায় বৃহস্পতিবার উক্ত এলাকায় উচ্ছেদ অভিযান ও মোবাইল কোর্ট পরিচালনা করে।
এসময় স্থানীয় মহসিনের স্ত্রী মুক্তা বেগমকে ২ লাখ টাকা, শাহ আলমকে ৫০ হাজার টাকা, মনিপুর বাজারের ব্যবসায়ী আলমগীর হোসেন আলমের স্ত্রী সুবিনা বেগমকে এক লাখ টাকা, আলমের মা আনোয়ারা বেগমকে এক লাখ টাকা এবং আজাদকে ৫০ হাজার টাকা, সিরাজুল ইসলামকে তিন মাসের জেল ও ২ লাখ টাকা জরিমানা করে।
গাজীপুর জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট হারুন অর রশিদ বলেন, যারা অবৈধভাবে গ্যাস সংযোগ গ্রহণ করেছেন এবং যারা গ্রামের সাধারণ মানুষকে গ্যাসের প্রলোভন দেখিয়ে অনাকাংক্ষিত ভয়াবহ গ্যাস দুর্ঘটনা দিকে ঠেলে দিয়েছেন, তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে। এখন থেকে গাজীপুর জেলা প্রশাসনের সহায়তায় নিয়মিতভাবে অবৈধ গ্যাস সংযোগ উচ্ছেদ অভিযান অব্যাহত থাকবে।
এসময় অভিযান পরিচালনাকালে গাজীপুর জেলা নির্বাহী ম্যাজিস্ট্রেট হারুন অর রশিদ এর সাথে উপস্থিত ছিলেন, প্রকৌশলী.মো. সুরুজ আলম, ব্যবস্থাপক(জোবিঅ-জয়দেবপুর), মো. হাফিজুর রহমান, ব্যবস্থাপক (নিরিক্ষা), প্রকৌশলী. এস.এম. আবু সুফিয়ান, আবদুল্লাহ হাসান আল মামুন, প্রকৌশলী. মির্জা শাহনেওয়াজ লতিফ, উপব্যবস্থাপক বৃন্দ এবং রাজস্ব উপ শাখার এস.এম. আহম্মদ উল্লাহ, মো.আব্দুর রাজ্জাক, মো. ইকবাল হোসেন চৌধুরী, সহকারী কর্মকর্তাবৃন্দ ও মো. সাবিনুর রহমান (মি.ও ভি)-উপ-সহকারী প্রকৌশলী সহ টেকনিক্যাল টিম উপস্থিত ছিলেন।