মামুন হোসেন,৫২ গাজীপুর থেকে।।
গাজীপুরের শ্রীপুরে গত দুই মাসের বকেয়া বেতনের দাবিতে ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক অবরোধ করে (এমসিবাজার এলাকায়) দি ওয়েলটেক্স গ্রুপের আদিব ডাইং লিঃ কারখানার শ্রমিকরা।
এ সময় পুলিশের সাথে শ্রমিকদের ধাওয়া-পাল্টা ধাওয়ার ঘটনা ঘটে। শ্রমিকরা পুলিশের উপর ইট-পাটকেল নিক্ষেপ করে, পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে কয়েক রাউন্ড টিয়ার শেল নিক্ষেপ করে।
২৬ সেপ্টেম্বর (বৃহস্পতিবার) বেলা আড়াইটা থেকে প্রায় ঘন্টাখানেক ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের মুলাইদ এলাকায় শ্রমিকরা বিক্ষোভ করে।
এ ঘটনায় শিল্প পুলিশের কন্সটেবল সুমন, কারখানা শ্রমিক পারুল, রুমা, অজুফা, রোকিয়া ও রাশিদাসহ বেশ ক’জন আহত হয়। এরা সবাই সুইং সেকশনের অপারেটর। তাদের মধ্যে গুরুতর আহত রোকিয়া ও রাশিদাকে স্থানীয় ক্লিনিকে চিকিৎসা দেওয়া হয়েছে।
কারখানার শ্রমিক তাছলিমা, নাজমা, রবিউলসহ একাধিক শ্রমিকরা জানায়, গত দুই মাসের বেতন বকেয়া বয়েছে। কারখানা কর্তৃপক্ষ একাধিক বার তারিখ দিলেও বেতন পরিশোধ করেনি তাছাড়া ওভার টাইমের পাওনাও পরিশোধ করেনি।
বেতন না পাওয়ায় ঘর ভাড়া ও দোকান বাকি না দিতে পারায় দোকানদার ও বাড়ির মালিকদের সাথে ঝগড়া তৈরি হচ্ছে। তাই- “আমরা শান্তিপূর্ণ আন্দোলন চালিয়ে যাচ্ছিলাম। কিন্তু পুলিশ গুলি ও টিয়ার শেল মেরেছে এতে অনেকে আহত হয়ে হাসপাতালে রয়েছে।”
গিভেন্সী শিল্প পুলিশ ক্যাম্পের পরিদর্শক চন্দন কুমার চক্রবর্তী বলেন, পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে ১০ রাউন্ড টিয়ার শেল নিক্ষেপ করা হয়। এ সময় মহাসড়কের প্রায় দেড় ঘন্টা যান চলাচল বন্ধ ছিল।
এ ব্যাপারে শ্রীপুর থানার ওসি লিয়াকত আলী জানান, কারখানা কর্তৃপক্ষের সাথে আলোচনা করে খুব দ্রুত শ্রমিকদের বকেয়া পরিশোধ করা হবে।
এ বিষয়ে কারখানা কর্তৃপক্ষের সাথে কথা বলতে গেলে তাদের কাউকে পাওয়া যায়নি।