৫২ জাতীয় ডেস্ক।।
ঢাকা দক্ষিন সিটি কর্পোরেশনের নির্বাচনী প্রচারণাকালে গতকাল রোববার দুপুরে গোপীবাগে প্রতিপক্ষ প্রার্থীর সমর্থকদের মধ্যে সংঘর্ষের ঘটনায় দায়ের করা মামলায় আজ সোমবার বিএনপির পাঁচ কর্মীকে গ্রেফতার করে জেলহাজতে পাঠিয়েছে পুলিশ।
এর আগে গতকাল ওয়ার্ড আওয়ামী লীগ নেতা মাকসুদ আহমেদ বিএনপির ৪০-৫০ জন নেতাকর্মীর নাম উল্লেখ করে আজ্ঞাত শতাধিক লোককে আসামি করে মামলাটি দায়ের করেন। তবে, বিএনপির পক্ষ থেকে ছাত্রদলের কর্মী আবদুর রহিম থানায় মামলা করতে গেলে তাকে ফিরিয়ে দেয়া হয়েছে ।
পরে বিএনপির আইনজীবীরা ঢাকা মহানগর পুলিশ কমিশনারের কাছে একটি লিখিত অভিযোগ দিয়েছেন। এছাড়া,বিএনপি মনোনীত মেয়রপ্রার্থী ইশরাক হোসেন রিটার্নিং কর্মকর্তার কাছেও একটি লিখিত অভিযোগ দিয়েছেন।
সংঘর্ষের পরপরই ইশরাক হোসেন প্রেস ব্রিফিংয়ে বলেন, বিএনপির জনপ্রিয়তায় ভীত হয়ে আওয়ামী লীগের লোকজন বিনা উসকানিতে হামলা করেছে।
এদিকে, আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সেতুমন্ত্রী ওবায়দুল কাদের আজ সোমবার মন্ত্রণালয়ের সভাকক্ষে এক প্রেস ব্রিফিংয়ে বলেছেন,সিটি নির্বাচনকে কেন্দ্র করে বড় ধরনের কোনো সংঘর্ষ বা সংঘাত হয়নি। অথচ রোববারের ওই সংঘর্ষকে পূঁজি করে বিএনপি বিদেশি রাষ্ট্রদূতদের বোঝাতে চাইছে যে, আক্রমণ আওয়ামী লীগের পক্ষ থেকে হয়েছে। কিন্তু ভিডিও ফুটেজ বলছে ভিন্ন কথা। ভিডিও ফুটেজে প্রমাণ হয় না যে আওয়ামী লীগের সমর্থকরা আগে হামলা করেছে।’
এ প্রসঙ্গে বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী বলেছেন, রাজধানীর গোপীবাগ এলাকায় রোববার দুপুরে ধানের শীষের প্রচারণায় আওয়ামী লীগের কাউন্সিলর প্রার্থীর অফিস থেকে সরকারদলীয় সশস্ত্র সন্ত্রাসীরা অতর্কিতে হামলা ও গুলি চালিয়েছে। এতে ঢাকা দক্ষিণ সিটির বিএনপির মেয়রপ্রার্থী ইশরাক হোসেনসহ ২০-২৫ নেতাকর্মী এবং সাংবাদিকরা গুরুতর আহত হন। গণমাধ্যমে এ খবর ফলাও করে প্রচার হচ্ছে। অথচ পুলিশ উল্টো ১৫০ বিএনপি নেতাকর্মীর বিরুদ্ধে মিথ্যা মামলা নিয়েছে।
সোমবার নয়াপল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ে এক ব্রিফিংয়ে অ্যাডভোকেট রুহুল কবির রিজভী বলেন, গোপীবাগে আওয়ামী লীগের হামলায় গুরুতর আহত বিএনপি নেতাকর্মীদের রাজধানীর বিভিন্ন হাসপাতালে চিকিৎসা দেয়া হচ্ছে। রিজভী বলেন, মেয়রপ্রার্থী ইশরাক ও নেতাকর্মীদের ওপর এ হামলা ভোটের দিন ভোট ডাকাতির পূর্বমহড়া। জনগণের মধ্যে আতঙ্ক সৃষ্টি করতে এই হামলা করা হয়েছে। দেশে যে আইনের শাসনের বদলে পুলিশি শাসন চলছে, তা রোববারের হামলা ও মামলায় আবারও প্রমাণিত হলো।
তিনি আরও বলেন, রোববার আওয়ামী সন্ত্রাসীদের কাপুরুষোচিত ও বর্বরোচিত হামলার ঘটনায় আমি তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি এবং বিএনপি নেতাকর্মীদের বিরুদ্ধে দায়েরকৃত মিথ্যা মামলা প্রত্যাহারের জোর দাবি করছি।
এ ছাড়া আজ জাতীয় প্রেসক্লাবে সাংবাদিকদের সঙ্গে এক মতবিনিময়সভায় ঢাকা মহানগর দক্ষিণের বিএনপির মেয়রপ্রার্থী প্রকৌশলী ইশরাক হোসেন অভিযোগ করেছেন মামলা-হামলা করে সরকার নির্বাচনী মাঠ ফাঁকা করতে চায়। তিনি আরও বলেন, আমরা আহ্বান জানাব–অতীতের মতো ভোটের মাঠ ফাঁকা না রেখে শান্তিপূর্ণ পরিবেশ বজায় রাখুন। ভোটাররা যাতে নির্বিঘ্নে ভোট দিতে পারেন; সেই ব্যবস্থা করুন। আমরা শান্তিপূর্ণ ভোটের মাধ্যমে ক্ষমতা পরিবর্তনে বিশ্বাসী।