চট্টগ্রামের এমএ আজিজ স্টেডিয়াম আবার ঘিরে উঠেছে ফুটবলের উন্মাদনায়। সারাদেশের ৪২টি বিশ্ববিদ্যালয়কে নিয়ে আজ সোমবার সকালে এখানে পর্দা উঠছে ‘ইস্পাহানি-প্রথম আলো আন্তঃবিশ্ববিদ্যালয় ফুটবল টুর্নামেন্ট’-এর ২০২৪ আসরের। দেশজুড়ে ৪২টি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা আজ থেকে নামবেন ফুটবল-শ্রেষ্ঠত্বের লড়াইয়ে।
প্রথম আলোর আয়োজনে এবং ইস্পাহানি গ্রুপের পৃষ্ঠপোষকতায় এই জাতীয় পর্যায়ের ফুটবল টুর্নামেন্টের দ্বিতীয় আসরের উদ্বোধন হচ্ছে চট্টগ্রামে। উদ্বোধনী অনুষ্ঠানের জন্য এমএ আজিজ স্টেডিয়ামকে সাজানো হয়েছে রঙিন আলোয়, ঘাস কেটে মাঠও করা হয়েছে প্রস্তুত। ঢাকার ২৪টি, চট্টগ্রামের ১০টি, খুলনা ও রাজশাহীর ৪টি করে বিশ্ববিদ্যালয় এই টুর্নামেন্টে অংশ নিচ্ছে। চট্টগ্রাম থেকে শুরু হওয়া এ টুর্নামেন্টের সমাপ্তি ঘটবে ঢাকায় আগামী ৯ ডিসেম্বর।
আজ চট্টগ্রামে উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত থাকবেন দেশের ফুটবল অঙ্গনের সাবেক ও বর্তমান তারকা খেলোয়াড়রা। তাদের মধ্যে রয়েছেন জাতীয় ফুটবল দলের সাবেক অধিনায়ক ও টুর্নামেন্ট পরিচালনা কমিটির প্রধান আশরাফ উদ্দিন আহমেদ চুন্নু, জাতীয় দলের সাবেক আরেক অধিনায়ক ও টুর্নামেন্টের টেকনিক্যাল কমিটির প্রধান ইমতিয়াজ সুলতান জনি এবং জাতীয় দলের সাবেক অধিনায়ক মামুনুল ইসলাম। শুধু সাবেক তারকারাই নন, থাকছেন সাফজয়ী নারী ফুটবল দলের বর্তমান তারকারাও। সাফজয়ী বাংলাদেশ নারী ফুটবল দলের সদস্য ঋতুপর্ণা চাকমা ও কৃষ্ণা রানী সরকার আজকের অনুষ্ঠানে উপস্থিত হয়ে মাতাবেন আনন্দে।
এ ছাড়া ইস্পাহানি গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক মির্জা শাকির ইস্পাহানি, পরিচালক আলি ইস্পাহানি ও বিপণন ব্যবস্থাপক ওমর হান্নান, প্রথম আলোর যুগ্ম সম্পাদক বিশ্বজিৎ চৌধুরী এবং প্রধান ক্রীড়া সম্পাদক উৎপল শুভ্রও উপস্থিত থাকবেন উদ্বোধনী অনুষ্ঠানে।
টুর্নামেন্টের প্রথম দিনে হবে চারটি ম্যাচ। সকাল ৮টা থেকে শুরু হবে খেলা। আগামীকাল সোমবারই চট্টগ্রাম পর্বের সমাপ্তি হবে। এরপর ২১ নভেম্বর রাজশাহীর মুক্তিযুদ্ধ স্মৃতি স্টেডিয়ামে এবং ২৩ নভেম্বর খুলনার জেলা স্টেডিয়ামে অনুষ্ঠিত হবে টুর্নামেন্টের প্রথম পর্বের বাকি ম্যাচগুলো। ২৭ নভেম্বর থেকে ৪ ডিসেম্বর পর্যন্ত ঢাকায় ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির মাঠে হবে প্রতিযোগিতার চূড়ান্ত পর্ব। টুর্নামেন্টের চ্যাম্পিয়ন দল পাবে পাঁচ লাখ টাকা এবং রানার্সআপ দল পাবে তিন লাখ টাকা পুরস্কার। এ আয়োজনের সম্প্রচার সহযোগী এটিএন বাংলা।
গত বছর অনুষ্ঠিত প্রথম আসরে ‘ইস্পাহানি-প্রথম আলো আন্তঃবিশ্ববিদ্যালয় ফুটবল টুর্নামেন্টে’ অংশ নিয়েছিল ৩২টি দল। সেবার চ্যাম্পিয়ন হয়েছিল গণ বিশ্ববিদ্যালয়। চট্টগ্রাম থেকে গত বছর অংশ নিয়েছিল ৮টি দল। আর এবার ১০টি দল দুটি গ্রুপে বিভক্ত হয়ে প্রথম পর্বে অংশ নিচ্ছে।