৫২ জাতীয় ডেস্ক।।
ঢাকা বিশ্ববিদ্যালয় (ঢাবি) একজন ছাত্রীকে গতকাল ক্যাম্পাসের বাইরে ধর্ষণের ঘটনায় বিশ্ববিদ্যালয় অঙ্গনে বিক্ষোভ আর প্রতিবাদের ঝড় উঠেছে।
গতরাতে ছাত্রীটিকে ঢাকা মেডিকেল কলেজে ভর্তি করার পর খবরটি জানাজানি হলে মধ্যরাতেই ক্যাম্পাসে বিক্ষোভ মিছিল করেছে কেন্দ্রীয় ছাত্রলীগ ও ঢাবি ছাত্রলীগ। তারা ধর্ষকদের দ্রুত গ্রেপ্তার ও বিচারের দাবি জানিয়েছে।
ঘটনার প্রতিবাদে আজ সোমবারও বিভিন্ন সংগঠনের পক্ষ থেকে নানা ধরনের প্রতিবাদ ও বিক্ষোভ কর্মসূচি পালন করা হচ্ছে।
বিশ্ববিদ্যালয় শিক্ষার্থী ধর্ষণের প্রতিবাদে ও বিচারের দাবিতে মানববন্ধন করেছে ছাত্রলীগ। আজ বেলা ১১টায় সন্ত্রাস বিরোধী রাজু ভাস্কর্যের পাদদেশে বিশাল মানববন্ধন করে সংগঠনটি। এ সময় ধর্ষণের প্রতিবাদ ও বিচার চেয়ে নানা ধরনের প্ল্যাকার্ড-ব্যানার ছিল তাদের হাতে।
এ ছাড়া, বাংলাদেশ সাধারণ ছাত্র অধিকার সংরক্ষণ পরিষদ এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন বাম সংগঠনের নেতাকর্মীরা বিশ্ববিদ্যালয়ের টিএসসি এলাকা থেকে একটি বিক্ষোভ মিছিল বের করেন । মিছিলটি ক্যাম্পাসের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে রাজধানীর শাহবাগ মোড়ে গিয়ে শেষ হয়। পরে সেখানে তারা সড়ক অবরোধ করলে ওই সড়ক দিয়ে সব ধরণের যান চলাচল বন্ধ হয়ে যায়।
ধর্ষণের শিকার ওই ছাত্রী বর্তমানে ঢাকা মেডিকেল কলেজের ওয়ান-স্টপ ক্রাইসিস সেন্টারে (ওসিসি) চিকিৎসাধীন। চিকিৎসকরা জানিয়েছেন, ভুক্তভোগী শিক্ষার্থী মানসিকভাবে বিপর্যস্ত আছেন। আর সুচিকিৎসায় মেডিকেল বোর্ড গঠন করা হয়েছে।
উল্লেখ্য,ঢাকা বিশ্ববিদ্যালয় দ্বিতীয়বর্ষের ওই ছাত্রী তার বান্ধবীর বাসায় যাওয়ার উদ্দেশ্যে বিশ্ববিদ্যালয়ের বাসে চড়ে গতকাল সন্ধ্যা ৭টার দিকে কুর্মিটোলায় পৌঁছায়। সেখানে বাস থেকে নামার পর কয়েকজন অজ্ঞাত ব্যক্তি তার মুখ চেপে পার্শ্ববর্তী একটি স্থানে নিয়ে তাকে যৌন ও শারীরিক নির্যাতন করে। পরে রাত ১০টার দিকে জ্ঞান ফিরলে সেখান থেকে রাস্তায় এসে সিএনজি যোগে বান্ধবীর বাসায় পৌঁছান। রাত ১২টার দিকে ওই শিক্ষার্থীকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের ওয়ান স্টপ সার্ভিস সেন্টারে ভর্তি করা হয়। এ ঘটনায় রোববার (৫ জানুয়ারি) রাতে ক্যান্টনমেন্ট থানায় লিখিত অভিযোগ দিয়েছেন ওই ছাত্রীর বাবা।
ওদিকে, ধর্ষণের ঘটনায় আলামত সংগ্রহে নেমেছে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব) ও পুলিশের গোয়েন্দা র্যাবের এক কর্মকর্তা জানিয়েছেন , আজ সোমবার (৬ জানুয়ারি) কুর্মিটোলা গলফ ক্লাবের বাইরের দিকে একটি ঝোপের মধ্যে বই, ঘড়িসহ কিছু আলামত পাওয়া গেছে। প্রাথমিকভাবে এ জায়গাটিকেই অপরাধস্থল বলে সন্দেহ করা হচ্ছে।