এইবার শুরু হতে যাচ্ছে শারদীয় দুর্গাপূজা, বাঙালি হিন্দুদের সর্ববৃহৎ ধর্মীয় উৎসব। তবে দুর্গাপূজাকে ঘিরে প্রস্তুতির মাঝে জলাবদ্ধতার কারণে থমকে গেছে সব আয়োজন। ঝিনাইদহ সদর উপজেলার ধোপাবিলা সর্বজনীন পূজা মন্দির কমিটির পক্ষ থেকে সব প্রস্তুতি নেওয়া হলেও এখন মন্দিরের তিন পাশেই পানি জমে আছে।
স্থানীয় বাসিন্দারা জানান, এলাকার ৫২টি হিন্দু পরিবার এই মন্দিরে পূজা দিয়ে থাকে। তবে এক সপ্তাহের বৃষ্টির কারণে মন্দির তলিয়ে গেছে। মন্দির কমিটির কর্মকর্তারা জানান, তারা কীভাবে পূজা করবেন, তা বুঝতে পারছেন না।
মন্দির কমিটির সাধারণ সম্পাদক উত্তম কুমার মজুমদার বলেন, ৫০ বছরেরও বেশি সময় ধরে এখানে পূজা-পার্বণ হচ্ছে। এখানেই আমাদের গ্রামের একমাত্র মন্দির। বৃষ্টির কারণে স্কুল মাঠ এবং মন্দিরের সামনে পানি জমেছে। তাদের সব প্রস্তুতি বিফলে যাওয়ার আশঙ্কা দেখা দিয়েছে।
স্কুলের প্রধান শিক্ষক মিজানুর রহমান জানান, মন্দির এবং স্কুলের মাঠ একই। ধোপাবিলা বাজারের পাশে একটি ব্যক্তিমালিকানাধীন খাল ছিল। সেই খাল ভরাট হওয়ায় স্কুল মাঠের পানি নিষ্কাশন হতে পারছে না।
গ্রামবাসী পল্লব বিশ্বাস বলেন, মাঠটির উঁচু করা দরকার। মাটি ভরাট করলে এই সমস্যার সমাধান হবে। এক মাসও লাগতে পারে এই পানি শুকাতে। সরকারি বরাদ্দ ছাড়া এটি সম্ভব নয়। এ অবস্থায় এবার কীভাবে তারা পূজা করবেন, সেটা নিয়ে চিন্তিত প্রত্যেকজন।
সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা রাজিয়া আক্তার চৌধুরী জানান, এ বিষয়ে তিনি এখনও কিছু জানেন না। তবে দ্রুত বিষয়টি খতিয়ে দেখে ব্যবস্থা নেওয়া হবে।