সারা দেশের উপর দিয়ে বয়ে যাওয়া শৈত্য প্রবাহ প্রশমিত হচ্ছে। দেশের কোথাও কোথাও ঝরছে বৃষ্টি। তবে শীত আবার ফিরে আসতে পারে বলে ইঙ্গিত দিয়েছে আবহাওয়া পূর্বাভাস।
আবহাওয়া দপ্তর বলছে, পৌষের মাঝামাঝি দাপুটে মেজাজ নিয়ে ফিরে আসতে পারে শীত। আগামী রোববার রাত থেকে তাপমাত্রা কমে আসবে। তখন থেকে শৈত্যপ্রবাহ শুরু হতে পারে।
বৃহস্পতিবার সকালের পূর্বাভাসে জানানো হয়, দেশের সাতটি বিভাগের কিছু কিছু জায়গায় হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি হতে পারে। এই পূর্বাভাসের সত্যতা গতকাল বুধবারই পাওয়া গেছে। গতকাল কক্সবাজার জেলায় বৃষ্টি হয়েছে ১১ মিলিমিটার। একই জেলার টেকনাফে বৃষ্টির মাত্রা ছিল ৭ মিলিমিটার। রাজশাহী, পটুয়াখালী, মৌলভীবাজারের শ্রীমঙ্গলে সামান্য বৃষ্টি হয়েছিল। বৃষ্টির কারণে তাপমাত্রাও বেড়ে যায়।
গতকাল দেশের সর্বোচ্চ তাপমাত্রা ছিল রাজধানী ঢাকায় ২৮ দশমিক ৫ ডিগ্রি সেলসিয়াস। শুধু ঢাকায়ই নয়, দেশের বিভিন্ন স্থানে দিনের বেলা তাপমাত্রা ২৭ ডিগ্রি সেলসিয়াসের ওপরে উঠে গিয়েছিল।
আবহাওয়া অফিস জানায়, আজ দেশের সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে রংপুর বিভাগের তেঁতুলিয়ায় ৯ দশমিক ২ ডিগ্রী সেলসিয়াস, যশোরে ৯ দশমিক ৬ ডিগ্রী সেলসিয়াস, রাজশাহীতে ১০ দশমিক ২ ডিগ্রী সেলসিয়াস, ঈশ্বরদীতে ১০ দশমিক ৫ ডিগ্রী সেলসিয়াস, চুয়াডাঙ্গায় ১০ দশমিক ৩ ডিগ্রী সেলসিয়াস, সাতক্ষীরায় ১০ দশমিক ৭ ডিগ্রী সেলসিয়াস ও কুমারখালীতে ১০ দশমিক ৪ ডিগ্রী সেলসিয়াস।
ঢাকায় আজ সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ১৪ দশমিক ৬ ডিগ্রী সেলসিয়াস এবং সর্বোচ্চ তাপমাত্রা ২৮ ডিগ্রী সেলসিয়াস।
আজ সকাল ৬টায় ঢাকায় বাতাসের আপেক্ষিক আর্দ্রতা ছিল ৯৩ শতাংশ।
ঢাকায় আজ সূর্যাস্ত সন্ধ্যা ৫টা ২৩ মিনিটে এবং আগামীকাল ঢাকায় সূর্যোদয় ভোর ৬টা ৪২ মিনিটে।