কক্সবাজারের উখিয়া সদরে দুই তরুণ-তরুণীর রহস্যজনক মৃত্যুর খবর হাতেনাতে পাওয়া গেছে। একই দিনে পৃথক দুইটি ঘটনায় তাদের লাশ উদ্ধার করেছে পুলিশ।
নিহত তরুণের নাম মেহেরাব হোসেন (৩০)। তিনি পটুয়াখালীর বাউফল উপজেলার মাঝপাড়ার মোজাম্মেল হকের ছেলে। আর নিহত তরুণীর নাম পপি দেব (২৭)। তিনি হবিগঞ্জের নবীগঞ্জ উপজেলার কসবা এলাকার সুখলাল দেবের মেয়ে।
মঙ্গলবার সকালে উখিয়ার রাজাপালং ইউনিয়নে মেহেরাবের ঝুলন্ত লাশ উদ্ধার করে পুলিশ। আর সাড়ে ১০টার দিকে উপজেলা সদরের বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব সরকারি মহিলা কলেজের কাছ থেকে পপি দেবের মৃতদেহ উদ্ধার করা হয়।
পুলিশ জানায়, দুজনেই উখিয়ার রোহিঙ্গা আশ্রয়শিবিরে কর্মরত একটি এনজিও সংস্থায় চাকরি করতেন। উখিয়া সদরেই ভাড়া বাসায় থাকতেন তারা।
উখিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আরিফ হোছাইন বলেন, “প্রাথমিকভাবে আত্মহত্যার আশঙ্কা করা হলেও পুরো ঘটনা উদঘাটনে পুলিশ তদন্ত শুরু করেছে।”
স্বজনরা জানিয়েছেন, দুজনেই মানসিক অসুস্থতায় ভুগছিলেন। তবে কী কারণে তারা আত্মহত্যা করলেন, তা জানা যায়নি।
পুলিশ মরদেহ দুটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য কক্সবাজার সদর হাসপাতালের মর্গে পাঠিয়েছে।