তুনিসিয়ার প্রেসিডেন্ট নির্বাচনে কাইস সাইদের ব্যাপক জয়
তুনিসিয়া, উত্তর আফ্রিকা: বর্তমান প্রেসিডেন্ট কাইস সাইদ তুনিসিয়ার প্রেসিডেন্ট নির্বাচনে নিরঙ্কুশ জয় পেয়েছেন। তবে এবারের নির্বাচনে ভোটার উপস্থিতি দেশটির প্রেসিডেন্ট নির্বাচনের ইতিহাসে সবচেয়ে কম ছিল।
নির্বাচনের দায়িত্বে থাকা স্বাধীন সংস্থা, নির্বাচন বিষয়ক স্বাধীন উচ্চ কর্তৃপক্ষ (ISIE) গত সোমবার নির্বাচনের ফলাফল ঘোষণা করে। তারা জানিয়েছে, রবিবারের নির্বাচনে প্রেসিডেন্ট কাইস সাইদ ৯০.৭ শতাংশ ভোট পেয়েছেন। নির্বাচনে ভোটার উপস্থিতি ছিল মাত্র ২৭.৭ শতাংশ।
নির্বাচনে দ্বিতীয় সর্বোচ্চ ভোট পেয়েছেন গ্রেফতারকৃত নেতা আইয়াচি জামেল। তিনি পেয়েছেন ৭.৪ শতাংশ ভোট। গত মাসে ব্যালটে স্বাক্ষর জাল করার অভিযোগে আইয়াচি জামেলকে গ্রেফতার করা হয়। তাকে ১২ বছরের কারাদণ্ড দেওয়া হয়েছে।
এবারের নির্বাচনে কাইস এবং জামেল ছাড়াও আরেকজন প্রার্থী ছিলেন জওহির মাগাজাউই নামে একজন সাবেক সংসদ সদস্য। নির্বাচনের আগে ISIE কাইস সাইদের প্রতিদ্বন্দ্বী ১২ জনেরও বেশি প্রার্থীকে অযোগ্য ঘোষণা করে।
সাইদ ২০১৯ সালের নির্বাচনে ক্ষমতায় আসেন। ২০২১ সালে তিনি এককভাবে দেশটির সার্বিক ক্ষমতা দখল করেন। তারপর থেকে ডিক্রির মাধ্যমে শাসন করছেন।