চট্টগ্রামের আনোয়ারায় বিএনপি মিছিলে হামলার অভিযোগে মামলা
চট্টগ্রামের আনোয়ারা থানায় চার বছর আগে জেলা বিএনপি’র মিছিলে হামলার অভিযোগে সাবেক ভূমিমন্ত্রী সাইফুজ্জামান চৌধুরী, সাবেক অর্থ প্রতিমন্ত্রী ওয়াসিকা আয়শা খানসহ ১১২ জনকে আসামি করে মামলা দায়ের করা হয়েছে। এ ছাড়া ১০০-১৫০ জন অজ্ঞাত ব্যক্তিকেও আসামি করা হয়েছে।
গতকাল সোমবার রাতে উপজেলার হাইলধর ইউনিয়নের পীরখাইন ৯ নম্বর ওয়ার্ডের জাফর আহমদের ছেলে তৌহিদ মিয়া (৩৪) নামের এক ব্যক্তি এ মামলা দায়ের করেন।
মামলার আসামিরা আওয়ামী লীগ ও এর সহযোগী সংগঠনের নেতা-কর্মী। তাদের বিরুদ্ধে ২০২০ সালের ২০ অক্টোবর বিকেলে উপজেলার কালাবিবি দিঘির মোড়ে জেলা বিএনপি’র মিছিলে হামলা চালানোর অভিযোগ আনা হয়েছে।
মামলার আসামিদের মধ্যে রয়েছেন সাবেক ভূমিমন্ত্রী সাইফুজ্জামান চৌধুরীর ছোট ভাই আনিসুজ্জামান চৌধুরী, একান্ত সচিব রিদওয়ানুল করিম চৌধুরী; উপজেলা আওয়ামী লীগের সভাপতি এম এ মান্নান চৌধুরী, সাধারণ সম্পাদক জসিম উদ্দিন চৌধুরী; উপজেলা পরিষদের চেয়ারম্যান কাজী মোজাম্মেল হক, ভাইস চেয়ারম্যান এম এ মান্নান।
আনোয়ারা সার্কেলের সহকারী পুলিশ সুপার (এএসপি) মো. সোহানুর রহমান মামলার বিষয়টি নিশ্চিত করে জানান, আসামিদের গ্রেফতারে পুলিশের তৎপরতা অব্যাহত রয়েছে।