কুষ্টিয়ায় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মা-বাবা ও মেয়ের মৃত্যু
কুষ্টিয়ায় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে একই পরিবারের মা-বাবা ও মেয়ের মৃত্যু হয়েছে। বুধবার বিকেল সাড়ে ৩টার দিকে শহরের হাউজিং বি ব্লক এলাকায় এই দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন মৃত শামসুল হকের ছেলে আবদুস সালাম (৪৫), তার স্ত্রী রুপা খাতুন (৩৫) ও মেয়ে সাবা খাতুন (১৩)। এ ঘটনায় সালামের ভাতিজা সিয়াম (১৩) গুরুতর আহত হয়েছে। তাকে কুষ্টিয়া জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে।
পুলিশ, হাসপাতাল ও স্থানীয় সূত্রে জানা গেছে, বিকেলে কুষ্টিয়ায় প্রবল বৃষ্টি হচ্ছিল। সাড়ে ৩টার দিকে হাউজিং বি ব্লকের বাসিন্দা রুপা খাতুন তার ঘরে ঝাড়ু দিচ্ছিলেন। এ সময় ঘরের ভেতর ঝুলন্ত বিদ্যুতের তারে বিদ্যুৎস্পৃষ্ট হন তিনি। তাকে বাঁচাতে এগিয়ে যান সালাম। তখন সালামও বিদ্যুৎস্পৃষ্ট হয়ে পড়েন। মা-বাবাকে মেঝেতে পড়ে যেতে দেখে মেয়ে সাবা তাদের শরীরে হাত দিতে যায়। এ সময় সেও বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মারা যায়।
ঘটনাস্থলের কাছে থাকা সিয়াম দৌড়ে গিয়ে সাবার শরীরে হাত দিলে সে ছিটকে পড়ে যায়। প্রতিবেশীরা বিষয়টি জানতে পেরে তাদের দ্রুত উদ্ধার করে কুষ্টিয়া জেনারেল হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে যান।
হাসপাতালে নিয়ে আসা প্রতিবেশী রাজিব আহমেদ বলেন, বিকেলে সালামের বাড়িতে গিয়ে দেখতে পান বিদ্যুৎস্পৃষ্ট হয়ে চারজন মেঝেতে পড়ে রয়েছেন। সে সময় স্থানীয় লোকজনের সহযোগিতায় তাদের উদ্ধার করে হাসপাতালে নিয়ে যাওয়া হয়। চিকিৎসকরা তিনজনকে মৃত ঘোষণা করেন।
নিহত সালামের চাচাতো ভাই সাইদুল ইসলাম জানান, সালামের শহরের জেলখানা মোড়ে দোকান আছে। দুপুরে খাবার খাওয়ার জন্য বাড়িতে এসেছিলেন। ওই সময় ঘরের ভেতর পরিবারের সবাই ছিলেন। এক দিন আগে বাড়িতে ইলেকট্রিকের কাজ করানো হয়েছিল। হয়তো কোথাও লিকেজের কারণে বৃষ্টির পানি বিদ্যুতের তারে এসেছে।
কুষ্টিয়া জেনারেল হাসপাতালের জরুরি বিভাগের দায়িত্বরত চিকিৎসক সজীব উদ্দীন বলেন, বিদ্যুৎস্পৃষ্ট চারজনকে হাসপাতালে আনা হয়েছে। তাদের মধ্যে তিনজনই মৃত অবস্থায় এসেছেন। এক শিশুর শরীরে বিদ্যুতের পোড়ার দাগ আছে। তাকে ভর্তি করা হয়েছে। তবে আপাতত সে শঙ্কামুক্ত।
কুষ্টিয়া মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহফুজুর রহমান চৌধুরী বলেন, বিদ্যুৎস্পৃষ্ট হয়ে তিনজন মারা গেছেন। মৃতদেহগুলো কুষ্টিয়া জেনারেল হাসপাতালের মর্গে রাখা হয়েছে।