কালকিনিতে আপত্তির মুখে প্রায় আড়াই শ বছরের ঐতিহ্যবাহী কুন্ডুবাড়ির মেলা বন্ধের ঘোষণা
স্থানীয় কিছু ব্যক্তির আপত্তি তুলে মাদারীপুরের কালকিনি উপজেলায় সনাতন সম্প্রদায়ের পবিত্র উৎসব দীপাবলি ও কালীপূজার কুন্ডুবাড়ির ঐতিহ্যবাহী মেলা বন্ধের ঘোষণা দিয়েছে প্রশাসন। এই মেলা প্রায় দুই শত পঞ্চাশ বছর ধরে চলে আসছে।
মেলার ইজারাদার আকবর হোসেন সরদার জানিয়েছেন, "অনেক বছর ধরে মেলা হচ্ছে। কেউ কখনো কোনো আপত্তি তোলেনি। কিন্তু এবার ইসলামী আন্দোলনের নেতা ও আলেমরা প্রশাসনের কাছে অভিযোগ তুলেছে। তাদের অভিযোগের কারণে এই মেলা বন্ধ করতে হচ্ছে।"
আয়োজকদের বক্তব্য অনুযায়ী, প্রায় দুই হাজার পাঁচশ জন দোকানিদের জন্য এই মেলা আয়ের একটি বড় উৎস। তারা আগে থেকেই মেলায় বিক্রি করার জন্য পণ্য কিনেছেন। মেলা না হলে তারা ঋণের বোঝায় জর্জরিত হবেন।
স্থানীয় কয়েকজন ব্যক্তির লিখিত অভিযোগের ভিত্তিতে প্রশাসন এই মেলার আয়োজন বন্ধ রাখার সিদ্ধান্ত নিয়েছে। অভিযোগে উল্লেখ করা হয়েছে যে, এই মেলায় প্রতিবছর মারামারি, জুয়া-তাস, মদের আসর, চাঁদাবাজি ও সামাজিক অনাচারের ঘটনা ঘটে। তবে অভিযোগকারীরা কারো নাম প্রকাশ করতে রাজি হননি।
এ বিষয়ে জানতে চাইলে কালকিনি পৌরসভার প্রশাসক ও উপজেলা নির্বাহী কর্মকর্তা উত্তম কুমার দাশ বলেছেন, "স্থানীয় কিছু ব্যক্তির অভিযোগের ভিত্তিতে এই মেলার আয়োজন বন্ধ রাখার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।"
মাদারীপুরের জেলা প্রশাসক মোছা ইয়াসমিন আক্তার জানিয়েছেন, "মেলা আমাদের সংস্কৃতির অংশ। তাই ঐতিহ্যবাহী কুন্ডুবাড়ির মেলা বন্ধের পক্ষে নয় জেলা প্রশাসন। আমরা অভিযোগকারীদের আলোচনায় বসিয়ে সমাধানের চেষ্টা করব।"