৫২ রাজনীতি ডেস্ক।।
বাংলাদেশের ক্ষমতাসীন সরকার কারাবন্দী বেগম খালেদা জিয়াকে জীবিত ফেরত দেবে না বলে মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র রায়।
আজ (মঙ্গলবার) দুপুরে জাতীয় প্রেস ক্লাবে এক প্রতিবাদ সভায় গয়েশ্বর চন্দ্র বলেছেন, “জেলের তালা কিভাবে ভাঙতে হয় তা এদেশের জনগণ দেখিয়ে দেবে। খালেদা জিয়াকে যারা জেলে পাঠিয়েছে, তাদেরকে ক্ষমতায় রেখে এদেশে গণতন্ত্রের কোনো ভবিষ্যৎ নাই।”
তিনি বলেন, “বিএনপির অনেকেই যুক্তি দেখায়— আমরা নির্বাচনে অংশ নেব, নেত্রীর মুক্তির আন্দোলনের অংশ হিসেবে। নির্বাচনে অংশ নিতে চান আন্দোলনের কৌশল হিসেবে।”
তিনি সরকারের কাছে প্রশ্ন রেখে জানতে চান- সংসদে সব আসনের মালিক কি শেখ হাসিনা? যদি তাই হয়ে থাকে, তাহলে আমরা গণতন্ত্র রক্ষার আন্দোলন করছি কেন? আন্তর্জাতিক মহল বিরোধী দল বলতে এখনও বিএনপিকেই চেনে। আমাদের কৌশল এখন একটাই হওয়া উচিত- তা হলো, জনগণের রাস্তায় নামা। এর ফলাফল অবশ্যই দৃশ্যমান হবে।
তিনি আরো বলেন, আন্দোলনের মধ্য দিয়ে যদি জনগণকে অবাধ, সুষ্ঠু এবং নিরপেক্ষ নির্বাচনের পরিবেশ দিতে পারি, তাহলে বিএনপি যে আসনে দাঁড়াবে প্রত্যেক আসনেই জয়লাভ করবে।
এ প্রসঙ্গে বিএনপির জোটের শরীক ডেমোক্রেটিক লীগের সাধারণ সম্পাদক সাইফুদ্দিন আহমেদ মনি রেডিও তেহরানকে বলেন, রাজনীতিবিদদের জন্য জেল তেমন কোনো বিষয় নয়, তবে সরকার কারাগারে খালেদা জিয়াকে হত্যার যে ষড়যন্ত্র করছে তা দেশের মানুষ কোনোভাবেই মেনে নেবে না।
এদিকে, চাঁপাইনবাবগঞ্জে অনুষ্ঠিত এক কর্মীসভায় বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা হেলালুজ্জামান তালুকদার লালু বলেছেন, আওয়ামী লীগ ৫ জানুয়ারির মতো ভোটারবিহীন নির্বাচন করার জন্য মরিয়া হয়ে উঠেছে। খালেদা জিয়া ও তারেক রহমান ছাড়া বিএনপি নির্বাচনে যাবে না। জনগণকে সঙ্গে নিয়ে এ প্রহসনের নির্বাচন প্রতিহত করা হবে। অবিলম্বে খালেদা জিয়াকে মুক্তি দিতে হবে। নইলে প্রতিটি কর্মী স্বেচ্ছায় কারাবরণ করতে প্রস্তুত রয়েছে বলেও জানান তিনি।