৫২ জাতীয় ডেস্ক।।
কারাবন্দী বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার উন্নত চিকিৎসা দরকার বলে জানিয়েছেন তার বোন সেলিমা ইসলাম। তিনি জানান, বেগম জিয়ার কথা বলতে কষ্ট হচ্ছে, কিছু খাচ্ছেন না এবং খেলেও তা বমি করে ফেলে দিচ্ছেন। ডাক্তার রোববার বোধহয় এসেছিল, তারা ওষুধ দিয়েছে কিন্তু সে ওষুধে কাজ হচ্ছে না। তার উন্নত চিকিৎসার দরকার।
রোববার বিকেলে রাজধানীর বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয় হাসপাতালে চিকিৎসাধীন বেগম খালেদা জিয়ার সঙ্গে সাক্ষাত শেষে, উপস্থিত সাংবাদিকদের এ তথ্য জানান সেলিমা ইসলাম। খালেদা জিয়ার জন্য শীতের পোশাক নিয়ে গিয়েছিলেন তার পরিবারের সদস্যরা।
তিনি আরও বলেন, সরকার বেগম জিয়াকে জামিন না দিয়ে মৃত্যুর দিকে ঠেলে দিচ্ছে। তার যে চিকিৎসা দরকার, এখানে সে চিকিৎসা হচ্ছে না। চিকিৎসা না হলে কেমন করে বাঁচবেন তিনি? সাক্ষাতকালে জামিন নিয়ে কোন কথা হয়নি বলেও জানান তিনি।
সেলিমা ইসলাম আরও জানান, আগের চাইতে তার স্বাস্থ্যের আরো অনেক বেশি অবনতি হয়েছে। সেদিন তো তার ফাস্টিং ছিলো ১৫, আজ তা বেড়ে হয়েছে ১৮। তিনি হাত সোজা করতে পারছেন না। তার হাত বাঁকা হয়ে গেছে। হাতের আংগুল বাঁকা হয়ে গেছে, খুবই খারাপ অবস্থা এবং দুই হাটু অপারেশন করা হয়েছে। হাটুতেও ব্যথা, হাঁটু ফুলে গেছে, তিনি পা ফেলতে পারছেন না।
দেখা করার অনুমতি পেতে সমস্যার কথা জানিয়ে তিনি বলেন, অনেক বলার পরে, এক মাস পর আমরা দেখা করার অনুমতি পাই। আমরা দেখতে গেলে তাও তো তার একটু ভালো লাগে। কিন্তু নিয়মিত দেখতে আসবো সেই পারমিশন তারা দিচ্ছে না।
উন্নত চিকিৎসার বিষয়ে খালেদা জিয়া জিয়া কোন কিছু বলেছেন কিনা, এমন প্রশ্নের জবাবে তিনি জানান, খালেদা জিয়া অসুস্থ, তিনি তো উন্নত চিকিৎসা চাইবেনই। তার সুস্থ হওয়ার জন্য উন্নত চিকিৎসা খুবই জরুরী। বিএনপি চেয়ারপারসন গণমাধ্যম ও দেশের জনগণের কাছে দোয়া চেয়েছেন বলেও জানান সেলিমা ইসলাম।
তিনি ছাড়া আরও সাক্ষাত করেছেন ছোট ছেলে আরাফাত রহমান কোকোর স্ত্রী শর্মীলা সিথী, আরাফাত রহমান কোকোর ছোট মেয়ে জাহিয়া রহমান, খালেদা জিয়ার নাতি সামিন ইসলাম, রাখিন ইসলাম ও নাতনী আরিবা ইসলাম। বিকেল তিনটায় তারা হাসপাতালে প্রবেশ করেন। সাক্ষাত শেষে বের হয়ে গাড়িতে বসে অঝোরে কাদতে দেখা গেছে তাদের।
২০১৮ সালের ৮ ফেব্রুয়ারি দুর্নীতির মামলায় সাজাপ্রাপ্ত হয়ে, ওইদিন থেকেই কারাবন্দি আছেন খালেদা জিয়া। অসুস্থতার কারণে গত ১ এপ্রিল থেকে তাকে বিএসএমএমইউ হাসপাতালে স্থানান্তর করা হয়।