৫২, গাজীপুর অফিস।।
গাজীপুরের শ্রীপুর উপজেলার নোওয়া গাঁও গ্রামে গত কয়েক বছর ধরে একটি সরকারি পুকুর দখল করার অভিযোগ উঠেছে ছাইফুল ইসলাম (৩৪), ও সোহেল (৩৮) নামে স্থানীয় প্রভাবশালী ব্যক্তিদের বিরুদ্ধে।
সরেজমিনে গিয়ে দেখা যায়, অনুমতি ছাড়াই ওই পুকুর পাড় থেকে একাধিক নিমগাছ কেটে নেয়ার অভিযোগর সত্যতা মিলেছে ছাইফুল ও সোহেলের বোন সেলিনা আক্তারের বিরুদ্ধে।
ছাইফুল রাজাবাড়ী ইউনিয়নের নোওয়া গাঁও (রাজেন্দ্রপুর) গ্রামের মৃত. আঃ বরকতের ছেলে। স্থানীয় বাসীন্দা সূত্রে জানা যায়, উপজেলার রাজাবাড়ী ইউনিয়নের নোওয়া গাঁও গ্রামে অবস্থিত পুকুরটি ২০১৯ সালে এক বছরের জন্য (বাংলা ১৪২৬ সনের ০১ বৈশাখ থেকে ৩০ চৈত্র) ইজারার মাধ্যমে গ্রহণ করে মমিন উদ্দিন। যার মৌজা- ৫৯, সিএস ২১, আরএস ৬৭, জমির পরিমান ০.৪৫২৩ একর। কিন্তু একই গ্রামের ছাইফুল ও সোহেল পুকুরটি তাদের ব্যক্তি মালিকানাধীন সম্পত্তি দাবি করে ইজারা ছাড়াই পুকুর জোরপূর্বক দখল করে রাখায় গত এক বছর ধরে ওই পুকুরে মাছ চাষ করতে পারেননি ইজারায় প্রাপ্ত মমিন উদ্দিন। তিনি জানান, পূর্বেও তারা বনের জমি দখল করে একাধিক গৃহ নির্মাণ ভাড়া দিয়েছে। তাছাড়া, আমার পক্ষ থেকে সরকারি নিয়ম অনুযায়ী ইজারার শর্ত মেনে পুকুরটি গ্রহণ করা হয়। কিন্তু পুকুর পাড়সহ দখলে থাকা ছাইফুল ও সোহেল পুকুরের পশ্চিম অংশ মাটি ভরাটের দ্বারা দখল করেই ফেলেছে। তাই আমি কোনো মাছ চাষ করতে পারিনি। তাদের বাসাবাড়ির ময়লা পানির জন্য কিছু দিন পর পর মাছ মরে ভেসে উঠে। আমরা মাছ ছাড়তে গেলে তিনি ও তার লোকজন আমাদের ভয়-ভীতি দেখায়। এখন দেখতেছি, ছাইফুল লোক লাগিয়ে পুকুর পাড়ের গাছ পর্যন্ত কেটে নিচ্ছে। অথচ তাদের গৃহগুলো রাতের আধারে বন বিভাগের জমিতে গড়ে ওঠেছে।
এ বিষয়ে ছাইফুলের কাছে জানতে চাইলে গাছ কাটার কথা স্বীকার করে বলেন, ‘পুকুরটি আমার ব্যক্তি মালিকানাধীন সম্পত্তি। পুকুরটি আমাদের পৈতৃক সম্পত্তি হলেও সর্বশেষ ভূমি জরিপে ভুলবশত সরকারের বনের খাস খতিয়ানভুক্ত হয়ে যায়।
পরবর্তীতে আমরা সরকারের বিরুদ্ধে মামলা করি ও ব্যর্থ হই। কিন্তু আমরা ভোগদখল করে আসছি। এখন ফরেস্ট ইজারা দেওয়ার পর থেকেই যত সমস্যা হচ্ছে।’
এ বিষয়ে রেঞ্জকর্মকর্তা, রাজেন্দ্রপুর রেঞ্জের (পূর্ব) বিট কর্মকর্তা মোঃ আইয়ুব শেখ জানান, খবর পেয়ে ফরেস্ট গার্ড পাঠানো হয়েছে। তদন্ত করে দোষীদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।