নোয়াখালীর কোম্পানীগঞ্জে নদীর পাড়ের গাছ উপড়ে নৌকা ডুবে এক যুবক নিখোঁজ হয়েছেন। আজ শুক্রবার বিকেলে উপজেলার মুছাপুর ইউনিয়নের মুছাপুর ক্লোজার এলাকার ছোট ফেনী নদীতে এ ঘটনা ঘটে। নিখোঁজ সজীব জলদাস (২৩) উপজেলার মুছাপুর ইউনিয়নের ৭ নম্বর ওয়ার্ডের দক্ষিণ জেলে পাড়ার জনার্দন জলদাসের ছেলে।
স্থানীয়দের কাছ থেকে জানা গেছে, কয়েকদিন আগে বন্যার তোড়ে মুছাপুর স্লুইসগেট রেগুলেটর ভেঙে যায়। এর ফলে মুছাপুর ইউনিয়নের ছোট ফেনী নদীসংলগ্ন মুছাপুর ক্লোজার এলাকায় ভাঙন দেখা দেয়। আজ দুপুরের দিকে সজীব জলদাস তার বাবার সঙ্গে উপজেলার ছোট ফেনী নদীর উড়িরচর এলাকায় মাছ ধরতে যান। মাছ ধরে বিকেল সাড়ে চারটার দিকে বাবার সঙ্গে নৌকায় মুছাপুর ক্লোজার ঘাটে ফেরার পথে ছোট ফেনী নদীর পাড়ের কাছে পৌঁছানোর পর নদীর পাড়ে থাকা দুটি ঝাউগাছ উপড়ে নৌকার ওপর পড়ে। এতে নৌকা ডুবে সজীব ছোট ফেনী নদীতে নিখোঁজ হয়ে যান। এরপর তার বাবা সাঁতরে নদীর তীরে উঠে আশেপাশের লোকজনকে বিষয়টি জানান। স্থানীয় লোকজন তাৎক্ষণিকভাবে তাকে নদীতে খোঁজাখুঁজি শুরু করলেও সন্ধ্যা পর্যন্ত সজীবকে উদ্ধার করা যায়নি।
কোম্পানীগঞ্জ ফায়ার সার্ভিস স্টেশনের কর্মকর্তা মোহাম্মদ জামিল মিয়া জানান, খবর পেয়ে তিনি ও ফায়ার সার্ভিসের একটি দল নিয়ে ঘটনাস্থলে যান। তাঁরা নিখোঁজ যুবকের কোনো সন্ধান পাননি। সন্ধ্যা হয়ে যাওয়ায় উদ্ধার তৎপরতা চালানো সম্ভব হচ্ছে না। আগামীকাল শনিবার সকালে চট্টগ্রাম থেকে একদল ডুবুরি দল আসার কথা রয়েছে।
কোম্পানীগঞ্জ থানার পরিদর্শক (তদন্ত) আবদুস সুলতান জানান, নদীর তীরের গাছ ভেঙে নৌকার ওপর পড়ায় দুর্ঘটনাটি ঘটে। এতে নৌকায় থাকা এক যুবক নিখোঁজ হয়েছেন। নিখোঁজ যুবক সম্ভবত ভাটার টানে নদীতে গেছেন বলে ধারণা করা হচ্ছে।