কানাডার শহরের মেয়র পদে প্রতিদ্বন্দ্বিতায় কেউ নেই!
সাধারণত, জনপ্রতিনিধি নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করার জন্য অনেকের আগ্রহ থাকে। এমনকি অনেকে যারা রাজনীতি বা সামাজিক কার্যকলাপে জড়িত নয়, তারাও জনপ্রতিনিধি হওয়ার স্বপ্ন দেখেন। আর রাজনীতিতে জড়িত ব্যক্তিরা তো নির্বাচনে লড়াই করার সুযোগ পেলে তা হাতছাড়া করেন না। বিশেষ করে কোনো শহরের মেয়র পদে নির্বাচন করার সুযোগ থাকলে এবং জয়ের সম্ভাবনাও থাকলে, কারোই পিছপা হওয়ার কথা নয়।
কিন্তু কানাডার সাসকাচুয়ান প্রদেশের কাইলি শহরে এখন ঘটছে এর ঠিক উল্টো ঘটনা। আগামী নভেম্বর মাসে সেখানে মেয়র নির্বাচন অনুষ্ঠিত হবে। স্থানীয় নির্বাচন কর্তৃপক্ষ মনোনয়নপত্র বিক্রি শুরু করে দিয়েছে। কিন্তু এখন পর্যন্ত কেউই মেয়র পদে নির্বাচনে লড়াই করার আগ্রহ দেখাননি। কেউ মনোনয়নপত্রও কিনছেন না।
কাইলি শহরের কর্মকর্তারা জানিয়েছেন, বর্তমান মেয়র জর্জ উইলিয়ামস ২০২১ সালে নির্বাচিত হয়েছিলেন এবং এই বছর অবসর নিচ্ছেন। কিন্তু এখনও পর্যন্ত কেউই এই পদের জন্য জনপ্রতিনিধি হওয়ার আগ্রহ দেখাননি।
এই শহরের মেয়র নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করার মতো কোনো প্রার্থীও খুঁজে পাওয়া যাচ্ছে না।
প্রধান প্রশাসনিক কর্মকর্তা আম্বার ডাসনি বলেন, মেয়র পদের জন্য দুই দফায় মনোনয়নপত্র কিনতে শহরবাসীর প্রতি আহ্বান জানানো হয়েছে। কিন্তু এখন পর্যন্ত একজনও মনোনয়নপত্র কেনেননি বা অনলাইনে আবেদন করেননি।
স্থানীয় গণমাধ্যম সিকম-এএমকে ডাসনি বলেন, "এটা কিছুটা উদ্বেগের। তবে আমি আত্মবিশ্বাসী যে, শেষ পর্যন্ত কেউ না কেউ এগিয়ে আসবেন।"
ডাসনি জানিয়েছেন, আগামী ১৩ নভেম্বর অনুষ্ঠেয় মেয়র নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করার মতো কোনো প্রার্থী না পাওয়া গেলে, মেয়র কার্যালয়ের কাজ দেখভালের জন্য কাউন্সিল একজন ডেপুটি মেয়র নির্বাচন করবে।
ডাসনি আরও বলেছেন, "ওই সভায় আমরা উপনির্বাচনের জন্য আবার একটি তারিখ নির্ধারণ করব। মেয়রের শূন্য পদ পূরণ না হওয়া পর্যন্ত আমরা উপনির্বাচনের তফসিল দিয়েই যাব। অন্য কাউন্সিলর পদে ভোটের ক্ষেত্রেও একই কথা প্রযোজ্য।"